ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মুখপাত্র পিটার ইয়াং বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটার বার্তায় ইয়াং জানান, “হ্যাঁ, ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্র্যাড হ্যাডিন দেশে ফিরে যাচ্ছেন। তার ব্যাপারে এর বেশি কিছু বলার নেই।”
হ্যাডিনের বদলে দলের সঙ্গে যোগ দিচ্ছেন পিটার নেভিল। তবে উইকেটরক্ষক হিসেবে ম্যাথু ওয়েডই দলের প্রথম পছন্দ। সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট অভিষেক হতে পারে ওয়েডের।
গত সপ্তাহে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যান ৩৪ বছর বয়সী হ্যাডিন। ওই সময় বলা হয়েছিলো ওয়ানডে নয় বরং টেস্টের কথা মাথায় রেখে হ্যাডিনকে দলে নেয়া হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি আশা করছেন হ্যাডিন ওয়েস্ট ইন্ডিজ সফরেই আবারো দলের সঙ্গে যোগ দেবেন।
তিনি বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরছেন ব্র্যাড হ্যাডিন। সিএ’র তার প্রতি পূর্ণ সমর্থন আছে। আমরা আশা করছি দ্রুতই হ্যাডিন ওয়েস্ট ইন্ডিজ সফররত দলের সঙ্গে যোগ দেবেন।”
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি ওয়ানডে, দুইটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪১ ঘ.
bdnews24