২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরে বাংলাদেশের সামনে ভারত

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। অন্যদিকে জিতলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। অন্যদিকে জিতলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫০ রানে হারিয়েছে ভারত। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়েই সুপার এইটের পথে এগিয়ে গিয়েছিলো বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশ সম্পূর্ণ ব্যর্থ। এশিয়ার ক্রিকেট-শ্রেষ্ঠত্ব নির্ধারণী টুর্নামেন্টটিতে ৮বার মুখোমুখি হলেও একবারও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের সঙ্গে ২৩টি ওয়ানডে-লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র দুটি। এশিয়া কাপে ভারতের সঙ্গে আগের সব লড়াইয়ে হার মানলেও এবার জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভারতের বোলিং টুর্নামেন্টের অন্য দুই দলের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল। তাদের বিপক্ষে আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা যেমন ভালো সূচনা এনে দেন তেমনি অন্যরাও ব্যাট হাতে ভালো অবদান রাখেন। সবার মিলিত চেষ্টায় এবার ভালো সংগ্রহ গড়ার আশা করছি।” তামিম ইকবাল, সাকিব আল হাসান ও নাসির হোসেন প্রথম ম্যাচে দায়িত্ব নিয়ে খেলেছিলেন। ভারতের বিপক্ষে অন্যদের কাছ থেকেও ভালো ইনিংসের প্রত্যাশায় বাংলাদেশের অধিনায়ক। শততম শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা শচীন টেন্ডুলকারের অপেক্ষার প্রহর আরেকটু বাড়াতে চান মুশফিক। তিনি বলেন, “টেন্ডুলকার ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে বড় ইনিংস খেলতে দেয়া যাবে না। তার জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।” “ভারতের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। গৌতম গম্ভীর ও বিরাট কোহলি ছন্দে আছেন। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না আর রোহিত শর্মা বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। তাদের দ্রুত ফেরানোর ওপরে অনেক কিছু নির্ভর করছে,” যোগ করেন তিনি। ভারতকে কম রানে বেঁধে রাখার জন্য নিখুঁত লাইন-লেন্থে বল করার পরিকল্পনার কথা জানালেন মুশফিক। তার বিশ্বাস তার দলের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিতে সক্ষম। অতীতে ভারতের বিপক্ষে অনেক সাফল্য পাওয়া মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে এবারও বল হাতে নৈপুণ্যের প্রত্যাশা মুশফিকের। দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকের দিকেও একই কারণে তাকিয়ে তিনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে ভারতের বোলিং আক্রমণ দুর্বল, মুশফিকের এই ধারণার সঙ্গে একমত নন বিনয় কুমার। ভারতের এই পেসার বলেন, “এটা তার ব্যক্তিগত মতামত।” তবে উইকেট যে বোলারদের জন্য তেমন সহায়ক নয়, তা তিনি মেনে নিচ্ছেন নির্দ্বিধায়। তার মতে, দুটো বলে খেলা হয় বলে এখন ওয়ানডেতে ইনিংসের শেষের দিকে রিভার্স সুইং করানো আগের চেয়ে অনেক কঠিন। তারপরও মিরপুরের উইকেটে ২৮০ রানকে লড়াই করার মতো সংগ্রহ বলে মনে করেন বিনয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৪ঘ.