ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে জিততেই হবে শ্রীলঙ্কাকে। ম্যাচটি এশিয়া কাপের গতবারের রানার্সআপদের জন্য বাঁচা-মরার লড়াই। তবে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও নির্ভার শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের জয়াবর্ধনে বলেন, “আমরা জানি কালকের (বৃহস্পতিবার) ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা এটাকে বাঁচা-মরার লড়াই হিসেবে নিয়েছি।”
“অস্ট্রেলিয়াতেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছিলাম। এ ধরনের কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমরা অভ্যস্তই বলা যায়,” যোগ করেন তিনি।
পাঁচ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে ভারতের মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষেও এ ধরনের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে জয়াবর্ধনে বলেন, “এটা নির্ভর করছে উইকেটের ওপরে। উইকেট দেখার পরই একাদশ ঠিক করা হবে।”
“কয়েক জন ক্রিকেটারের চোট থাকায় কার্যকর সমন্বয় নিয়ে নামতে পারছি না আমরা। তবে আমরা সবসময়ই পরিবর্তন এবং নতুনদের সুযোগ দেয়ার পক্ষে,” যোগ করেন তিনি।
লাসিথ মালিঙ্গার ফেরার আভাসও দিলেন শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় জয়াবর্ধনে। চোট নিয়ে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের দুটো ফাইনালে খেললেও ভারতের বিপক্ষে বিশ্রাম দেয়া হয় শ্রীলঙ্কার সেরা পেসার মালিঙ্গাকে।
পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি বলেন, “এশিয়া কাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা কিছু ভুল করেছি এবং তার মাশুল দিয়ে হারও মেনেছি। পাকিস্তানের বিপক্ষে ঐ দিনের ভুলগুলো শুধরে নিয়ে জিততে চাই।
এই সময়ের সবচেয়ে সফল স্পিনার সাঈদ আজমলের মোকাবেলা করাই শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করেন জয়াবর্ধনে। তিনি বলেন, “গত দুই বছরে সাঈদ আজমলের বোলিংয়ের অনেক উন্নতি হয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে তার বলের বিপক্ষে আমাদের বেশ লড়াই করতে হয়েছিলো। আশা করি আমরা বৃহস্পতিবার তাকে ভালোভাবে মোকাবেলা করতে পারবো।”
“তবে শুধু সাঈদ আজমল নন, পাকিস্তানে উমর গুল-শহীদ আফ্রিদিরাও আছেন। তাদের সবার দিকেই লক্ষ্য রাখতে হবে,” যোগ করেন তিনি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৪ঘ.
bdnews24