ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলার আগেই সুস্থ হয়ে উঠবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে রয়েছেন তিনি।
এ মাসে তিন দেশের টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্লার্ক। এ কারণে একদিনের সিরিজে দলে নেই তিনি।
জাতীয় নির্বাচক জন ইনভার্যারিটি বলেন, “মাইকেল ক্লার্ক যথাসময়ে খেলার মতো সুস্থ হয়ে উঠবেন। প্রথম টেস্টে অধিনাকত্বও করবেন তিনি।
প্রথম টেস্ট বার্বাডোসে শুরু হবে ৭ এপ্রিল।
সুস্থ হয়ে ওঠায় দলে ফিরেছেন শেন ওয়াটসন ও জেমস প্যাটিনসন। তবে দলে ঠাঁই মেলেনি ব্যাটসম্যান শন মার্শের। সবাই বিস্মিত হলেও দলে নেয়া হয়েছে মাইকেল বিয়ারকেও। গত বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া তিনটি টেস্ট খেলবে।
দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ-অধিনায়ক), মাইকেল বিয়ার, এড কাওয়ান, পিটার ফরেস্ট, ব্র্যাড হ্যাডিন, রায়ান হ্যারিস, বেন হিলফেনহস, মাইক হাসি, নাথান লায়ন, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, পিটার সিডল, মিচেল স্টার্ক, ম্যাথিউ ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৫ ঘ.
bdnews24