২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ মাহেলা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হারের পর ভীষণ হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হারের পর ভীষণ হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাহেলা বলেন, “হারের জন্য নির্দিষ্ট কেউ দায়ী নয়। আমরা ভালো ক্রিকেট খেলেছি কিন্তু কিছু কিছু ভুলও করেছি। বড় ম্যাচে এ ধরনের ভুল করলে জেতা অসম্ভব হয়ে দাঁড়ায়। “ফিল্ডিংয়ে আমরা পনের রান বেশি দিয়েছি। আমিসহ কয়েকজন ব্যাটসম্যান বাজে শট খেলে আউট হয়েছি। বিশেষ করে ব্যাটিং পাওয়ার প্লে’র প্রথম ওভারে দুজন সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলে ম্যাচ থেকে আমরা দূরে সরে যাই,” যোগ করেন তিনি। তিনি বলেন, “লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল। একটা পর্যায় পর্যন্ত আমরা ভালো অবস্থানেও ছিলাম। কিন্তু পাওয়ার প্লেতে ৩১ রানে ৪ উইকেট হারিয়েই সর্বনাশ হয়েছে। হাতে উইকেট থাকলে পাওয়ার প্লে’র পরেও শট খেলা যেত।” ম্যাচের আগে অনুশীলন না করতে পারা কিংবা অস্ট্রেলিয়ায় টানা খেলার ক্লান্তিকে অজুহাত হিসেবে দেখাতে নারাজ মাহেলা। চোটের কারণে মাত্র ৫ জন বোলার খেলানোও অজুহাত নয় তার কাছে। দায় দিলেন দল হিসেবে নিজেদের ‘কিছু’ ভুলকে। দ্বিতীয় উইকেটে গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির ২০৫ রানে জুটি ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন মাহেলা। এসময় তিনি প্রশংসা করেছেন ম্যাচ সেরা কোহলিরও। ভারতের বোলিংকে সাদামাটা মনে করেন না শ্রীলঙ্কা অধিনায়ক। ইরফান পাঠান ও রবীচন্দ্রন অশ্বিনের কথা বলেছেন বিশেষ করে। তারাই ম্যাচটাকে ভারতের করে নিয়েছে বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে বোলারদের প্রশংসা করেছেন কোহলিও। তিনি বলেন, “মাহেলা ও সাঙ্গাকারা যখন ব্যাট করছিলেন তখন কিন্তু বোলাররা খারাপ বল করেন নি। মাহেলা যেভাবে খেলছিলেন তাতে ম্যাচ হাত থেকে ফস্কে যেতে পারতো।” “কিন্তু বোলাররা সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বল করেছেন। আর গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন,” যোগ করেন তিনি। গম্ভীরের সঙ্গে ব্যাটিং খুব উপভোগ করেন বলে জানান কোহলি। বলেছেন, তার সঙ্গে এ নিয়ে গড়া তিনটি দ্বিশত রানেই জুটিই বলে দেয়া আমাদের বোঝাপড়া কোন পর্যায়ের। শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রমেই কোহলির প্রিয় মাঠ হয়ে উঠছে। এ নিয়ে তৃতীয় শতক পেলেন মিরপুরে। অস্ট্রেলিয়ায় খেলে আসার পর উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নেয়াই মূল চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন কোহলি। তিনি বলেন, “এখানে উইকেট অস্ট্রেলিয়ার চেয়ে শ্লথ, বল দেরিতে আসে। এসেই মারা শুরু করা যায় না, দেখেশুনে খেলতে হয়। একবার সেট হয়ে গেলে রান পাওয়া সহজ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২২ ঘ.