ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সানডে টাইমস পত্রিকার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন বলিউডের নবাগত অভিনেত্রী নূপুর মেহতা। রোববার নূপুর মেহতার ছবি ব্যবহার করে ক্রিকেটের ম্যাচ পাতানো নিয়ে একটি খবর প্রকাশ করে ইংল্যান্ডের পত্রিকাটি।
পত্রিকাটি জানায়, ভারতের একজন বাজিকর বলিউডের এক অভিনেত্রীর সঙ্গে যোগসাজশ করে কয়েকটি আন্তর্জাতিক এবং ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ পাতিয়েছে। তাদের হাতে এ সম্পর্কিত প্রমাণও আছে। ২০১১ বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল পাতানো ছিলো বলেও সন্দেহ প্রকাশ করে পত্রিকাটি।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত অবশ্য এক বিবৃতিতে রিপোর্টটিকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নূপুর বলেন, “বাজিকরদের সঙ্গে আমার কোনো ধরণের যোগাযোগ নেই। আমি একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং দু-এক দিনের মধ্যেই পত্রিকাটিকে লিগ্যাল নোটিশ পাঠাবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৫ঘ.
bdnews24