ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৌতম গম্ভীর ও বিরাট কোহলির শতকের সুবাদে এশিয়া কাপ জয় দিয়ে শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫০ রানে হারিয়েছে তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩০৪ রান করে ভারত। জবাবে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা অর্ধশতক করলেও ৪৫ ওভার ১ বলে ২৫৪ রানে অলআউট হয়ে যায় গতবারের রানার্সআপ শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় ৩১ রানে আউট হয়ে যান তিলকরতেœ দিলশান (৭)। তবে দ্বিতীয় উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে দলে স্বস্তি ফিরিয়ে আনেন জয়াবর্ধনে।
ইরফান পাঠানের বলে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী হওয়ার আগে ৭৮ রান করেন জয়াবর্ধনে। তার ৫৯ বলের আক্রমণাত্মক ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা।
জয়াবর্ধনে ফিরে যাওয়ার পর দীনেশ চান্দিমালের (১৩) সঙ্গে ২৮ ও লাহিরু থিরিমান্নের (২৯) সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন সাঙ্গাকারা। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে¬র প্রথম অর্থাৎ ৩৬তম ওভারে থিরিমান্নে ও সাঙ্গাকারাকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। সাঙ্গাকারার ৮৭ বলে খেলা ৬৫ রানের ইনিংসে দুটি চার ও একটি ছক্কা।
এরপর ৩৯তম ওভারে পর পর দুই বলে বিনয় কুমার নুয়ান কুলাসেকারা (১১) ও চামারা কাপুগেদেরাকে (০) ফিরিয়ে দিলে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার জয়ের আশা।
ফারভিজ মাহরুফ (১৮) ও সিক্কুগে প্রসন্নর (৮) প্রচেষ্টা হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।
৩২ রানে ৪ উইকেট নিয়ে ইরফান পাঠান ভারতের সেরা বোলার। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ে অশ্বিন (৩/৩৯) আর বিনয় কুমারের (৩/৫৫) অবদানও কম নয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। শততম শতকের অপেক্ষা বাড়িয়ে, ভক্তদের আরো একবার হতাশ করে মাত্র ৬ রান করে বিদায় নেন শচীন টেন্ডুলকার। সুরঙ্গা লাকমলের ফুলটস কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। কিন্তু বল চলে যায় একস্ট্রা কাভারে দাঁড়ানো জয়াবর্ধনের হাতে।
দলীয় ১৯ রানে টেন্ডুলকারকে হারানোর পর শুরুতে বেশ সাবধানী ছিলেন গম্ভীর ও কোহলি। ব্যক্তিগত ৩৬ রানে লেগস্পিনার প্রসন্নর বলে চান্দিমালকে ক্যাচ দিয়েছিলেন গম্ভীর। তবে চান্দিমাল তা ধরতে পারেননি।
এরপর আর পেছনে ফিরে তাকাননি গম্ভীর। কোহলিকে নিয়ে ২০৫ রানের জুটি গড়ে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। এশিয়া কাপে দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। আগের রেকর্ডটি ছিলো ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে বীরেন্দর শেবাগ ও সুরেশ রায়নার ১৯৮ রান।
নুয়ান কুলাসেকারার করা ৪২তম ওভারের দ্বিতীয় বলে দশম ওয়ানডে শতক স্পর্শ করেন এশিয়া কাপেই প্রথম বারের মতো ভারতের সহ-অধিনায়ক নির্বাচিত কোহলি। দুই বল পর তাকে অনুসরণ করে তিন অঙ্কের ঘরে পৌঁছান গম্ভীরও। এটি তারও দশম শতক।
তবে মাহরুফের পরের ওভারে আউট হয়ে যান দুজনই। ৪৩তম ওভারের তৃতীয় বলটি তুলে মারতে গিয়ে লং অনে উপুল থারাঙ্গার দারুণ এক ক্যাচে পরিণত হন গম্ভীর। ১১৮ বলে খেলা তার ঠিক ১০০ রানের ইনিংসে ৭টি চার।
দুই বল পর তাকে অনুসরণ করেন ১০৮ রান করা কোহলিও । এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল সীমানার বাইরে পাঠাতে চাওয়া কোহলির ক্যাচ জমা পড়ে থিরিমান্নের হাতে। ১২০ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো।
এরপর মহেন্দ্র সিং ধোনি (২৬ বলে অপরাজিত ৪৬) ও সুরেশ রায়নার (১৭ বলে অপরাজিত ৩০) ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে তিন শ পেরোয় ভারত। মাত্র ৭ ওভার ১ বলে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ধোনি ও রায়না।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩০৪/৩ (গম্ভীর ১০০, টেন্ডুলকার ৬, কোহলি ১০৮, ধোনি ৪৬*, রায়না ৩০*; মাহারুফ ২/৫৭, লাকমল ১/৬৭)
শ্রীলঙ্কা: ৪৫.১ ওভারে ২৫৪ (জয়াবর্ধনে ৭৮, দিলশান ৭, সাঙ্গাকারা ৬৫, চান্দিমাল ১৩, থিরিমান্নে ২৯, কুলাসেকারা ১১, থারাঙ্গা ১৭, কাপুগেদেরা ০, মাহারুফ ১৮, প্রসন্ন ৮, লাকমল ০*; ইরফান পাঠান ৪/৩২, অশ্বিন ৩/৩৯, বিনয় কুমার ৩/৫৫)
ফল: ভারত ৫০ রানে জয়ী
ম্যাচ সেরা: বিরাট কোহলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২১ঘ.
bdnews24