ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যথাযথভাবে কিছু ব্যাপার পত্রিকায় না আসায় গত কয়েকদিনে দেশের ক্রিকেট নিয়ে একধরনের বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সে ব্যাপারগুলো পরিস্কার করতেই সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, “বেশ কিছু ব্যাপার এর মধ্যে পত্রিকায় এসেছে। তারমধ্যে কিছু ব্যাপার যথাযথভাবে আসেনি। সেকারণেই বিতর্কের সৃষ্টি হয়েছে।”
“বিভ্রান্তি সৃষ্টির জন্য আমি সংবাদ মাধ্যমকে দোষ দিচ্ছি না। সংবাদ মাধ্যমে আকরাম খান তার ব্যাপারে কথা বলে থাকলে আমার কিছু বলার নেই। তবে বোর্ডের ব্যাপারে কিছু বললে আমার তো কিছু বলার থাকে,” বলেন কামাল
বিতর্কের মূল্য ইস্যু নির্বাচক ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলতে রাজি হননি কামাল। তিনি বলেন, “এশিয়া কাপ শুরু হয়ে গেছে, তাই দল নির্বাচন, নির্বাচন প্রক্রিয়া বা এ সংক্রান্ত কোনো ব্যাপারে আজ (সোমবার) কথা বলবো না। এশিয়া কাপ শেষ হলে একটি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক আকরাম খান ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ উপস্থিতিতে আমরা এ ব্যাপারে কথা বলবো।”
তবে তারপরও এক প্রশ্নের জবাবে বলেন, দল নির্বাচনের পূর্ণ স্বাধীনতা নির্বাচকদের রয়েছে।
তিনি বলেন, “দল নির্বাচন করবে নির্বাচক কমিটি। এটা তাদের দায়িত্ব এবং তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন। আমি মনে করি দল ঘোষণার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করা তাদের দায়িত্ব। তারা আমাদের পরামর্শ রাখতে পারেন নাও রাখতে পারেন, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার।”
“শেষ পর্যন্ত যেহেতু সব কিছুর দায়িত্ব বোর্ডের সেকারণে বোর্ডেরও একটা মতামত থাকা প্রয়োজন,” যোগ করেন তিনি।
পাকিস্তান সফর প্রসঙ্গ
গতকালও (রোববার) পাকিস্তানে বোমা ফুটেছে। এমন একটা পরিস্থিতিতে দেশটি কতটা সফর করা কতটা নিরাপদ জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে।
তিনি বলেন, “ওয়াদা ছিল পাকিস্তান যাবো, গিয়েছি। আইসিসি যদি পাকিস্তান সফরের কথা বলতোও তবু আগে আমি নিজে গিয়ে পরিস্থিতি দেখে আসতাম।”
“স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিসহ একটি দল পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষন করে এসেছি। এখনো তার কোনো রিপোর্ট আমরা পাইনি,” বলেন কামাল।
রিপোর্ট পাওয়ার পর সেটিকে আইসিসির কাছে পাঠানো হবে। তাদের ছাড়পত্র পেলে সফরের ব্যাপারে সরকারের অনুমোদ চাওয়া হবে। সরকারের অনুমোদন পেলেই সফর হতে পারে। চলতি মাসেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে বলে মনে করছেন কামাল।
“আইসিসি ম্যাচ অফিসিয়াল না পাঠিয়ে স্থানীয়দের দিয়ে কাজ চালানোর কথা বলে সেক্ষেত্রে বাংলাদেশ সফরে যাবে না,” বলেন তিনি।
পাকিস্তান সফরের ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হবে কী না জানতে চাইলে তা এড়িয়ে যান বিসিবি সভাপতি।
ভারত সফর প্রসঙ্গ
ভারত সফরের ব্যাপারে কামাল বলেন, “২০১৪ সাল নাগাদ অপেক্ষা করতে হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। আশা করছি শিগগির তারা আমাদের আমন্ত্রন জানাবে।”
ক্রিকেটারদের কাউন্সিলরশিপ প্রসঙ্গ
এ ব্যাপারে কামাল বলেন, “ইজিএমে ক্রিকেটারদের কাউন্সিলরশিপ অনেক আলোচনা হয়েছে। সেখানে ব্যাপারটি ঠিক বাতিলও করা হয়নি আবার কিভাবে রাখা হবে সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু নেই। এর মধ্যে সাবেক ক্রিকেটাররা ক্রীড়া প্রতিমন্ত্রী, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কেউ কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কেউ বাদ পড়েছেন এমন মনে করার কোনো কারণ নেই।”
বিসিবিকে দুর্নীতি মুক্ত বলে মনে করেন কামাল। তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে কেউ এমন কথা বলতে পারে। আমরা তিনটি অডিটের ব্যবস্থা রেখেছি। তবে কথাটা যেহেতু উঠেছে আমাদের আরো সতর্ক থাকতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৫৬ ঘ.
bdnews24