ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাকিব আল হাসানের বিশ্বাস, ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ এখন যে কোনো দলকে হারাতে সক্ষম। এশিয়া কাপের প্রস্তুতি নিয়েও তিনি সন্তুষ্ট।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “দেশের মাটিতে ওয়ানডেতে আমরা এখন যে কোনো দলকে হারাতে পারি। যদিও সেজন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে আমাদের।”
“আমরা একসঙ্গে তেমন অনুশীলন না করলেও দলের প্রত্যেকে ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ম্যাচ খেলেছে। প্রস্তুতিও খুব ভালো। ভালো খেলার আপ্রাণ চেষ্টা করবো আমরা,” যোগ করেন তিনি।
গত ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি তিনটি সিরিজেই পর্যুদস্ত হয়েছিলো বাংলাদেশ। তবে ঐ ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে নারাজ সাকিব। তিনি বলেন, “এটা সম্পূর্ণ নতুন একটা টুর্নামেন্ট। তাই আমাদের সামনে পরীক্ষাটাও ভিন্ন।”
“এই টুর্নামেন্টে আমাদের খেলাই বলে দেবে বাংলাদেশের ক্রিকেট এখন কোন্ পর্যায়ে আছে,” যোগ করেন সাকিব।
মিরপুরের উইকেট থেকে বোলাররা তেমন সহায়তা পাবেন না বলে মনে করেন টেস্ট ও ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। তিনি বলেন, “উপমহাদেশের পিচগুলো বেশিরভাগ সময়ই বোলারদের জন্য বধ্যভূমি। স্পিনাররা কিছুটা সহায়তা পেলেও পেসাররা এখানে প্রায় কিছুই পায় না।”
তবে বাংলাদেশের বোলারদের ওপরে যথেষ্ট আস্থা আছে সাকিবের। তিনি বলেন, “আমাদের বোলারদের যে কোনো দলের বিপক্ষে ভাল বল করার সামর্থ্য আছে। আমার বিশ্বাস, বোলিংয়ে আমরা যথেষ্ট উন্নতি করেছি। এশিয়া কাপে তা প্রমাণও করতে পারবো।”
বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানের স্পিন আক্রমণ দারুণ শক্তিশালী। সাঈদ আজমল, শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজকে মোকাবিলা করার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে সাকিব বলেন, “মাঠে নামার আগে আমরা এ ব্যাপারে আলোচনা করবো। এই তিন স্পিনারের বিপক্ষে রান করা আমাদের ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ।”
রোববার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের প্রথম একাদশ নিয়ে সরাসরি কিছু বলেননি সাকিব। তিনি বলেন, “এবার উইকেটে বেশ ঘাস আছে। তাই আমরা তিনজন পেসারও খেলাতে পারি। আমাদের দলে অবশ্য সব সময়ই স্পিনার- অলরাউন্ডারদের আধিক্য দেখা যায়। এবারও তা থাকতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৬ঘ.
bdnews24