ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্ট জয়ের জন্য পঞ্চম দিন দক্ষিণ আফ্রিকার দরকার আট উইকেট। পক্ষান্তরে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৬৪ রান।
ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে দক্ষিণ আফ্রিকার বেঁধে দেয়া ৪০১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিন শেষে শনিবার নিউজিল্যান্ড রান করেছে দুই উইকেটে ১৩৭।
উইকেটে আছে ব্রেন্ডন ম্যাককালাম ৫৮ রান নিয়ে। অন্য প্রান্তে ৪৮ রানে অপরাজিত রয়েছেন রস টেইলর।
দক্ষিণ আফ্রিকার প্রথম পালার ২৩৮ রানের জবাবে নিউজিল্যান্ড করে ২৭৩। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ৪৩৫ রান তুলে দান ছেড়ে দেয় সফরকারীরা।
রান তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় মাত্র ১৬ রানের মাথায় ৬ রান করে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। অপর উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকোল বিদায় নেন ৫৫ রানের মাথায়। তার ব্যাট থেকে আসে ১৯ রান।
দলের নাজুক এই অবস্থায় হাল ধরেন ম্যাককালাম ও অধিনায়ক টেইলর। তৃতীয় উইকেট জুটিতে দিনের শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ৮২ রান তোলেন তারা। সেই সঙ্গে নাজুক ওই অবস্থা শুধু সামালই দেননি, দলের অবস্থাও সুসংহত করেন।
ম্যাককালাম তার ৯১ বলের ইনিংসটি সাজান পাঁচটি চার ও একটি ছক্কা দিয়ে। আর অধিনায়ক টেইলরের ৬৮ বলের ইনিংসে চার রয়েছে আটটি।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ভার্নন ফিলান্ডার ও ইমরান তাহির। এ জন্য ফিলান্ডারের খরচ হয় ২৯ রান। ইমরানের ৩৩।
সকালে তিন উইকেটে ২৬৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেন দক্ষিণ আফ্রিকার আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জ্যাক ক্যলিস ও জ্যাক রুডলফ। ক্যালিস তার ১০৭ রানের ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। দলীয় ২৮৩ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে নিকোলের হাতে ধরা পড়ার আগে ১১৩ রান করেন তিনি। তার ২৬৩ বলের ইনিংসে চার রয়েছে ১৫৬টি।
রুডলফের শতক হাঁকানোর পর পর দান ছেড়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। তখন রুডলফ অপরাজিত ছিলেন ১০৫ রানে। আর ৩৪ রানে মার্ক বাউচার।
রুডলফ তার ষষ্ঠ শতক হাঁকানোর পথে বল খেলেন ১৮২টি। সীমানার ওপারে বল পাঠান ১৫ বার। আর হাওয়ায় ভাসিয়ে একবার।
এছাড়া এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ২৯ রান।
নিউজিল্যান্ডের পক্ষে তিন উইকেট নেন ডোগ ব্র্যাসওয়েল ৭০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৩ ঘ.
bdnews24