২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচক পদে থাকছেন আকরাম

বিসিবির সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগপত্র দেওয়ার তিন দিনের মাথায় তা প্রত্যাহার করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার এক দিন পর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক আকরাম খান। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। তার নির্দেশেই পদত্যাগপত্র প্রত্যাহার করেছি।” “তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, যে সব সমস্যা হচ্ছে সেগুলো আর হবে না”, যোগ করেন তিনি। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা নিয়ে বিসিবির সঙ্গে দ্বন্দ্বের জেরে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া এবং কাজে হস্তক্ষেপের অভিযোগ এনে গত বুধবার পদত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে আকরামকে গণভবনে ডেকে নিয়ে দায়িত্বে ফিরতে বলেন। শনিবার দুপুরে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়ে নিজের কার্যালয়ে যোগ দিয়ে আকরাম সাংবাদিকদের বলেন, “বিসিবির পরিচালক দেওয়ান শফিউল আরেফীন টুটুল গতকাল (শুক্রবার) আমাকে বলেছেন, প্রধানমন্ত্রী আজ আমাকে পদত্যাগপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক, তার ওপরে তো কথা বলতে পারি না।” “ক্রিকেটে প্রধানমন্ত্রীর যথেষ্ট আগ্রহ রয়েছে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর থেকে এদেশের ক্রিকেটকে জনপ্রিয় করার পেছনে তার অনেক অবদান। তিনি ৫০ মিনিটের বেশি সময় ধরে আমার সঙ্গে ক্রিকেটের ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন,” যোগ করেন আকরাম। এখন ফিরে এলেও পদত্যাগের সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন আকরাম। তিনি বলেন, “স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না বলে পদত্যাগ করেছিলাম। দেশের ক্রিকেটের স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল।” যা ঘটেছিল- তার পুনরাবৃত্তি আর হতে দেবেন না জানিয়ে এই সাবেক ক্রিকেটার বলেন, “দল খারাপ করলে তার দায়ভার আমার।” এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্রতিটি দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা। সে অনুযায়ী ১৫ জনের তালিকা দেয় নির্বাচক কমিটি। কিন্তু গত মঙ্গলবার রাতে তামিম ইকবালকে অপেক্ষমান তালিকায় রেখে এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এর জের ধরে বিসিবির সঙ্গে মুখোমুখি অবস্থায় দাঁড়ায় আকরামের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এরপর বুধবার পদত্যাগ করেন। সে দিনই অনুশীলনের সময় তামিম জানান, তিনি সম্পূর্ণ ফিট। বৃহস্পতিবার একই কথা বলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ স্টুয়ার্ট ল। এরপর রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিমকে দলে ফেরানোর ঘোষণা দেয় বিসিবি। এদিকে বিসিবিতে সাবেক ক্রিকেটারদের কাউন্সিলর হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় বোর্ডের সমালোচনায় মুখর হন সাবেক অধিনায়ক-খেলোয়াড়রাও। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, নিজেদের অধিকার আদায়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তারা। এতদিন ১৬ জন সাবেক ক্রিকেটার কাউন্সিলর হওয়ার সুযোগ পেলেও গত ১ মার্চ বিসিবির বিশেষ সাধারণ সভায় এ সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আকরাম খান। ক্রিকেটারদের কাউন্সিলরশিপ কেড়ে নেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন জানিয়ে আকরাম বলেন, “তিনি শিগগিরই এ ব্যাপারে সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন।” ১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তৎকালীন অধিনায়ক আকরাম। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বিদায় নেন তিনি। এরপর ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৪৩৪ ঘ.