ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ক্রিকেট বোর্ড প্রধানের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রধান নির্বাচকের পদ থেকে আকরাম খানের পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আকরামকে ফেরাতে বৃহস্পতিবার রাতে ডেকে নিয়ে কথাও বলেছেন তিনি।
আকরাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব বৃহস্পতিবার তাকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলতে চান। এরপর রাতে তিনি গণভবনে গেলে শেখ হাসিনা তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করতে বলেন।
“মাননীয় প্রধানমন্ত্রী আমায় ডেকেছিলেন। আমি দেখা করেছি। আমি তাকে জানিয়েছি, ফিরতে চাই না। একথা শুনে তিনি বলেছেন, তোমাকে বাংলাদেশের ক্রিকেটে দরকার। ক্রিকেট বোর্ড কি করছে তা আমি দেখছি”, বলেন আকরাম।
সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন কি-না জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক জানান, তিনি ‘অপেক্ষা’ করছেন।
আ হ ম মুস্তফা কামাল বিসিবির দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম প্রধানমন্ত্রী বোর্ডের কোনো বিষয় নিজের হাতে সমাধানের উদ্যোগ নিলেন।
গত মঙ্গলবার রাতে তামিম ইকবালকে অপেক্ষমান তালিকায় রেখে এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এর জের ধরে বিসিবির সঙ্গে মুখোমুখি অবস্থায় দাঁড়ায় আকরামের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া এবং কাজে হস্তক্ষেপের অভিযোগ এনে বুধবার পদত্যাগ করেন আকরাম।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়াম অনুযায়ী প্রতিটি দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা। সে অনুযায়ী ১৫ জনের তালিকা দেয় নির্বাচক কমিটি। তবে দল ঘোষণা করার আগে তালিকার দুই নম্বরে থাকা তামিমের নাম বাদ দেয় বোর্ড।
সে দিনই অনুশীলনের সময় তামিম জানান, তিনি সম্পূর্ণ ফিট। বৃহস্পতিবার একই কথা বলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ স্টুয়ার্ট ল।
এরপর রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিমকে দলে ফেরানোর ঘোষণা দেয় বিসিবি।
এদিকে বিসিবিতে সাবেক ক্রিকেটারদের কাউন্সিলর হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় বোর্ডের সমালোচনায় মুখর হয়েছেন সাবেক অধিনায়ক-খেলোয়াড়রাও।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, নিজেদের অধিকার আদায়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তারা।
এতদিন ১৬ জন সাবেক ক্রিকেটার কাউন্সিলর হওয়ার সুযোগ পেলেও গত ১ মার্চ বিসিবির বিশেষ সাধারণ সভায় এ সুযোগ বন্ধ করে দেওয়া হয়।
এই পরিস্থিতির মধ্যেই আকরাম খান বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তৎকালীন অধিনায়ক আকরাম। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বিদায় নেন তিনি।
২০১১ সালের এপ্রিলে তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৫৪০ ঘ.
bdnews24