২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: মিসবাহ

বাংলাদেশকে হালকাভাবে নিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনতে চান না পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। বৃহস্পতিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে হালকাভাবে নিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনতে চান না পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। বৃহস্পতিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে রোববার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে যাওয়া পাকিস্তানের অধিনায়ক স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন। তিনি বলেন, “বাংলাদেশ খুব শক্তিশালী দল। তাদের আমরা হালকাভাবে নিচ্ছি না।” প্রতিযোগিতার অন্য দুই দল শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গেও কঠিন লড়াই হবে বলে মনে করছেন মিসবাহ। তবে বিশেষ ভাবে বলেছেন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কথা। তিনি বলেন, “যে কোনো পর্যায়ের ক্রিকেটে ভারত কঠিন প্রতিপক্ষ। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশেষ কিছু। তবে আমরা এই ম্যাচটাকে অন্য ম্যাচের মতোই দেখতে চাই। কোনোভাবেই চাপ নিতে চাই না।” পাকিস্তানের কোচ হওয়ার পর এশিয়া কাপই ডেভ হোয়াটমোরের প্রথম টুর্নামেন্ট। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ চার বছর বাংলাদেশের কোচ ছিলেন তিনি। অনেকদিন পর বাংলাদেশে এসে খুব ভালো লাগছে বলে জানালেন হোয়াটমোর। তিনি বলেন, “বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। বাংলাদেশ এই কয়েক বছরে বেশ উন্নতি করেছে।” “বাংলাদেশকে আর সব প্রতিপক্ষের মতোই আমরা দেখছি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৬ঘ.