ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সংশোধনী এনে ক্রিকেটারদের কাউন্সিলরশিপ কেড়ে নেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার ‘ক্রিকেটার্স অব বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই সংশোধনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্র“তি দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। নিজেদের অধিকার আদায়ে প্রয়োজন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও যেতে পারেন বলে জানিয়েছেন তারা।
সংশোধনীর জন্য জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন হবে বিসিবির। সেখানেও নিজেদের দাবির কথা জানাবেন ক্রিকেটাররা।
‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (কোয়াব)-কে বাংলাদেশের ক্রিকেটারদের একমাত্র ও নিবন্ধিত সংগঠন হিসেবে উল্লেখ করে ‘ক্রিকেটার্স অব বাংলাদেশ’কে ক্রিকেটারদের একটি কমিউনিটি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে দেশের ক্রিকেটাররা এর মাধ্যমে এক মঞ্চে এসেছেন।
বিসিবি গত ১ মার্চ ইজিএমে ক্রিকেটারদের কাউন্সিলরশিপ কেড়ে নেয়। এতদিন ১৬ জন ক্রিকেটার কাউন্সিলর হওয়ার সুযোগ পেতেন।
সংবাদ সম্মেলনের সঞ্চালক শাকিল কাশেম বলেন, “দেশের ক্রিকেটের পরিসর বড় হচ্ছে। এখন কাউন্সিলর ১৫ থেকে বাড়িয়ে ২০ জন করা উচিৎ। অথচ একেবারে বাদই দেয়া হলো। এটা এক ধরনের আত্মহত্যা এবং এর মাধ্যমে ক্রিকেটে অবদান রাখতে আগ্রহী ক্রিকেটারদের মৌলিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে।”
সাবেক ক্রিকেটার তানভীর হায়দার তান্না বলেন, “প্রয়োজনে আমরা রাজপথে নামবো। ১৯৭৩ সালে যখন ক্রিকেট বন্ধ করে দেয়া হয়েছিল তখনো রাজপথে নেমেছিলাম। বঙ্গবন্ধু আমাদের কথা শুনেছিলেন, ক্রিকেটও সচল হয়েছিলো।”
“বিসিবিতে কোন্ কাজটা ভালো ভাবে হচ্ছে। জেলাগুলোতে ভালো কোনো মাঠ নেই, ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন নেই। হবেই বা কিভাবে? যারা ক্রিকেটের প্রতি অন্তঃপ্রাণ সেই সাবেক ক্রিকেটাররাই তো এর সঙ্গে যুক্ত নেই,” যোগ করেন তিনি।
তানভীর হায়দার আরো বলেন, “হাজার হাজার ডলার বিসিবিতে যাচ্ছে। প্রধানমন্ত্রী টাকা দিয়ে যাচ্ছেন আর সুবিধাবাদী কিছু লোক তা হাতিয়ে নিচ্ছে। দুর্নীতিতে ছেয়ে গেছে বোর্ড।”
কোয়াব নিবন্ধিত নয় বিসিবির এই দাবি মানতে নারাজ সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেন, “কোয়াব নিবন্ধিত না হলে আমরা এতো দিন কাউন্সিলরশিপ পেলাম কী করে?”
নাঈমুরের সঙ্গে একমত পোষণ করে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, “যদি কোয়াব বেআইনীই হয় তাহলে তো তাদের স্বাক্ষর নেয়া গত দশ বছরের সব কিছুই বেআইনী হয়ে যায়।”
আরেক সাবেক তারকা ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “ক্রিকেটাররা হাল ছাড়বে না। আমাদের অধিকার অরক্ষিত হয়ে আছে। এটাকে সুরক্ষিত করতে হবে। প্রয়োজনে আমরা নিজেদের জায়গায় ফিরে যাবো। এত সহজে আমরা ছেড়ে দেবো না।”
সংবাদ সম্মলনে শফিকুল হক হীরা, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, আতহার আলী খান, খালেদ মাহমুদ সুজনসহ জাতীয় দলের অনেক সাবেক তারকা উপস্থিত ছিলেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন শুধু মোহাম্মদ আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৩ঘ.
bdnews24