ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বি-পাক্ষিক সিরিজে আন্তর্জাতিক মান বজায় আছে কিনা তা দেখার জন্য আয়োজক দেশে নিরপেক্ষ কর্মকর্তাদের পাঠায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী মাসে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য সিরিজে তা থাকছে না। প্রধান নির্বাহীদের কমিটি (সিইসি) অ-নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের জন্য আইসিসিকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।
দুবাইয়ে বুধবার শেষ হওয়া সিইসি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
দুইদিন ব্যাপী এই সভা শেষে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, “মনে রাখতে হবে দ্বি-পাক্ষিক কোনো সিরিজের ক্ষেত্রে প্রত্যেক সদস্য বোর্ডের একমাত্র দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। সিইসি স্বীকার করছে একদমই ভিন্ন রকমের পরিস্থিতির কারণে এই সিরিজে (বাংলাদেশ-পাকিস্তান সিরিজে) অ-নিরপেক্ষ ম্যাচ কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি বিবেচনা করা হতে পারে।”
সভায় আরো কিছু সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যেমন, টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরগুলোতে ভালোভাবে প্রস্তুতি নেয়ার জন্য আইসিসির পূর্ণ সদস্য অর্থাৎ টেস্ট খেলুড়ে দেশগুলো বাড়তি তিনটি টি-টোয়েন্টি খেলতে পারবে। বর্তমানে বছরে সর্বোচ্চ ১২টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পায় এই দেশগুলো।
এছাড়া বাংলাদেশে ২০১৪ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি দল ১৬ জন খেলোয়াড় নিয়ে অংশ নিতে পারবে।
সিইসির গণমাধ্যম প্রতিনিধি হিসেবে তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। এখন থেকে আইসিসি ক্রিকেট কমিটিতে সিইসির প্রতিনিধিত্ব করবেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। জাস্টিন ভনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
দিন দিন ক্রিকেট পিচের উন্নতি হওয়ায় মাঠের লড়াই আরো জমজমাট হচ্ছে বলেও সিইসি সভায় সন্তুষ্টি প্রকাশ করা হয়। ২০১১ সালে মাত্র দশ শতাংশ টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়। ২০১০ সালে যা ছিলো ৩৮ শতাংশ।
কিউরেটরদের অভিজ্ঞতা ভাগাভাগি ও কিভাবে পিচের আরো উন্নতি করা যায় তার জন্য আইসিসি দুবাইয়ে ১১ ও ১২ এপ্রিল একটি কর্মশালার আয়োজন করবে বলেও সভায় জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩১ঘ.
bdnews24