ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সময়টা দারুণ কাটছে সাকিব আল হাসানের। আইসিসির টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন সবার ওপরে, বিপিএলের সেরা খেলোয়াড়ের গৌরবও তার অধিকারে। এত সব অর্জনের স্বীকৃতি হিসেবে জাতীয় দলের সতীর্থদের কাছ থেকে চমৎকার এক উপহার পেলেন সাকিব।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রতিকৃতির একটি চমৎকার তৈলচিত্র উপহার পান সাকিব। জাতীয় দলের প্রত্যেক সদস্যের স্বাক্ষর সংবলিত তৈলচিত্রটির ওপরে-নিচে লেখা ‘আ ট্রু চ্যাম্পিয়ন অব দ্য গেম, গোল্ডেন বয় অব বাংলাদেশ।’
জাতীয় দলের পক্ষ থেকে সাকিবের হাতে উপহারটি তুলে দেন মুশফিকুর রহিম। এ সময় জাতীয় দলের অধিনায়ক বলেন, “সাকিবের সঙ্গে খেলা আমাদের জন্য গৌরবের। আশা করি জাতীয় দলে আরো অনেক-অনেক অবদান রাখতে পারবেন তিনি।”
“আইসিসির টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলই প্রমাণ করে সাকিব একজন দুর্দান্ত ক্রিকেটার। এটা তার জন্য যেমন সম্মানের তেমনি আমাদের জন্যও,” যোগ করেন তিনি।
২০০৯ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন সাকিব। সম্মানটা ২০১১ সালের এপ্রিল পর্যন্ত ধরে রেখেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের কাছে শীর্ষস্থান হারালেও মাত্র ৮ ম্যাচ (জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি) খেলেই গত নভেম্বরে ঐ গৌরব ফিরে পান এই বাঁহাতি অলরাউন্ডার।
তার পরের মাসে অর্থাৎ ডিসেম্বরে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন সাকিব। গত সপ্তাহে আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে সম্মানটা ধরে রেখেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৭ঘ.
bdnews24