ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপের জন্য দল নির্বাচন নিয়ে টানোপোড়েনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক আকরাম খান।
বুধবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে আকরাম বলেন, “এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। সে কারণেই এ সিদ্ধান্ত নিয়েছি।”
“আসলে কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারিনি। কাজে সব সময়ই হস্তক্ষেপ করা হয়েছে,” যোগ করেন তিনি। এজন্য একবার নির্বাচন প্রক্রিয়া ঢেলে সাজানোর দাবি তুলেছিলেন, সেকথাও মনে করিয়ে দেন আকরাম।
সকাল সাড়ে এগারোটার দিকে বিসিবির ভারপ্রাপ্ত ম্যানেজার সাব্বির খানের হাতে পদত্যাগপত্র জমা দেন আকরাম।
নির্বাচক কমিটির অপর দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম।
গত সোমবার এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণার পর বোর্ডের সঙ্গে প্রধান নির্বাচকের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। আকরাম যে আর থাকছেন না, তার আভাস পাওয়া গিয়েছিল মঙ্গলবারই।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “এই দল আমাদের নয়।”
আকরাম জানান, তারা ১৫ সদস্যের যে তালিকা দিয়েছিলেন, তাতে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের নাম ছিল দুই নম্বরে। তবে বিসিবি শেষ পর্যন্ত যে দল ঘোষণা করেছে, তাতে তামিমের নাম অপেক্ষমাণ তালিকায়। আর দল নেমে আসে ১৪ জনে।
পরে বিসিবি তাদের ব্যাখ্যায় জানায়, সুস্থ থাকলে তামিমও থাকবেন দলে। তার জন্য বিসিবির ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী ও ফিজিও বিভব সিংয়ের ছাড়পত্র লাগবে। আকরাম বলেছেন, তাদের প্রতিবেদনের ভিত্তিতেই তামিমকে দলে রেখেছিলেন তারা।
১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তৎকালীন অধিনায়ক আকরাম। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বিদায় নেন তিনি।
জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক আকরাম, নান্নু ও সুমন ২০১১ সালের এপ্রিলে নির্বাচক হওয়ার পর এ পর্যন্ত কোনো সিরিজের জন্যই সংবাদ সম্মেলন করে জাতীয় দল ঘোষণা করা হয়নি।
বোর্ডের নিয়ম অনুযায়ী নির্বাচকরা দল দেওয়ার পর সেখানে বিসিবি সভাপতির অনুমোদন প্রয়োজন হয়। ঘোষণার আগে ওই তালিকা ‘কাটাছেঁড়া’ না করার জন্য বরাবরই দাবি জানিয়ে আসছেন নির্বাচকরা।
দল নির্বাচন নিয়ে বিসিবির সঙ্গে নির্বাচকদের এই বিরোধ পুরনো হলেও এবার আকরামের পদত্যাগ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন তার পূর্বসূরীরা।
আকরামের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইতোমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন দুই সাবেক প্রধান নির্বাচক রফিকুল আলম ও ফারুক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১১৩৫ ঘ.
bdnews24