২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বিসিবি সভাপতি

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এপ্রিলে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও তিনি আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এপ্রিলে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও তিনি আশাবাদী। বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অথবা দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরটি এক সপ্তাহের মধ্যে শেষ করারও প্রতিশ্র“তি দিয়েছে তারা। দুই দেশের ক্রিকেট বোর্ড এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতির অপেক্ষায় আছে। বিসিবি সভাপতির নেতৃত্বে ৯ সদস্যের পর্যবেক্ষক দল শুক্রবার রাতে দুই দিনের সফরে পাকিস্তানে যায়। লাহোরে এক সংবাদ সম্মেলনে মুস্তফা কামাল বলেন, “এখানকার নিরাপত্তামূলক ব্যবস্থা দেখে আমি সন্তুষ্ট। এ ব্যাপারে আমাদের দলের সবাই আমার সঙ্গে একমত।” “এই সফরের অনুমতি দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে বোঝানোর দায়িত্ব আমার। সেই সঙ্গে আইসিসিকেও অনুমতি দেয়ার অনুরোধ করছি,” যোগ করেন তিনি। রোববার লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেল (এখানেই ক্রিকেটারদের থাকার কথা) থেকে গাদ্দাফি স্টেডিয়ামে যায় পর্যবেক্ষক দল। সে সময় তাদের সঙ্গে ছিলেন পিসিবি প্রধান জাকা আশরাফ। এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনার পর এই সফরের ব্যাপারে ইতিবাচক মত প্রকাশ করেছিলেন মুস্তফা কামাল। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩০ঘ.