ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘড়ির পেন্ডুলামের মতো দুলছিল প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। কিন্তু শেষ বিকেলে পর পর তিন উইকেট নিয়ে খেলার চিত্র পাল্টে দিল স্বাগতিক নিউজিল্যান্ড। সেই সঙ্গে দিনটিও নিজের করে নিল তারা। মঙ্গলবার বৃষ্টি-বিঘিœত দিন শেষে ১৯১ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে আছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক রস টেইলর ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৩৪ রানের মাথায় ১১ রান করে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেন।
অস্বস্তিকর এই অবস্থায় দলের হাল ধরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ রান তুলে পরিস্থিতি সামাল দিতে না দিতে ক্রিস মার্টিনের বলে রব নিকোলের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন স্মিথ। তখন দলের রান ছিল ৮৬। ৭৪ বল খেলে ৫৩ রান করেন স্মিথ। সীমানার ওপারে বল পাঠান ছয়বার।
এরপর দলের সঙ্গে আর চার রান যোগ হতেই ফিরে যান জ্যাক ক্যালিস (০) ও এবি ডি ভিলিয়ার্স (০)। ফলে আবারো পথ হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
এ অবস্থায় ফের ইনিংস মেরামতের কাজে নামতে হয় আমলা ও জ্যাক রুডলফকে। পঞ্চম উইকেট জুটিতে ৬৬ রান তুলে ইনিংসকে পথে ফিরিয়ে আনতে আনতে আবারো আঘাত হানে স্বাগতিকরা।
দলীয় ১৫৬ রানের মাথায় আমলা, ১৬১ রানের মাথায় মার্ক বাউচার (৪) ও ১৭৯ রানের মাথায় ডেল স্টেইন (৯) ফিরে যাওয়ায় প্রথম দিনে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
আমলার ব্যাট থেকে আসে ৬২ রান। তার ১০২ বলের ইনিংসে চার রয়েছে আটটি ও ছক্কা একটি।
নিউজিল্যান্ডের পক্ষে ক্রিস মার্টিন তিন উইকেট নেন ৩৪ রানে।
বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় প্রথম সেসনে কোনো খেলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৯ ঘ.
bdnews24