ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দুই বছরের জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ করা হয়েছে অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোরকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার এ ঘোষণা দেয়।
এছাড়া ইংল্যান্ডের জুলিয়ান ফাউন্টেইনকে ফিল্ডিং কোচ করা হয়েছে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুতই তারা দলের দায়িত্ব বুঝে নেবেন এবং ১১ মার্চ বাংলাদেশে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য দলকে প্রস্তুত করবেন।
পিসিবি সভাপতি জাকা আশরাফ বলেন, “হোয়াটমোরের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনিই পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।”
“আমাদের মনে হয়েছে একজন বিদেশী কোচই পাকিস্তানের ক্রিকেট প্রতিভাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবেন,” যোগ করেন আশরাফ।
হোয়াটমোরের অধীনেই ১৯৯৬ সালে বিশ্বকাপ জিতেছিলো শ্রীলঙ্কা। আবারো ওই চ্যালেঞ্জ নিতে আগ্রহী হোয়াটমোর বলেন, “আমাদের যে সামর্থ্য আছে তা নিয়েই সবচেয়ে ভালো ফলাফলের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমার বিশ্বাস ভালো কিছু করতে অবশ্যই সক্ষম হব।”
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচও ছিলেন ৫৭ বছর বয়সী হোয়াটমোর। তার অধীনেই নিজেদের প্রথম টেস্ট জয়ের দেখা পেয়েছিলো বাংলাদেশ।
গত সেপ্টেম্বরে ওয়াকার ইউনুস প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালে অন্তবর্তী কোচ করা হয় ওই সময়ের প্রধান নির্বাচক মহসিন খানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৬ ঘ.
bdnews24