২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ফাইনাল জিতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের প্রথম ওয়ানডে শতকের সুবাদে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের প্রথম ফাইনালে শ্রীলঙ্কাকে ১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের ফাইনালে ১-০ তে এগিয় গেল স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের প্রথম ওয়ানডে শতকের সুবাদে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের প্রথম ফাইনালে শ্রীলঙ্কাকে ১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের ফাইনালে ১-০ তে এগিয় গেল স্বাগতিকরা। ১৫৭ বলে ১৬৩ রান করার পথে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন ওয়ার্নার। ব্রিসবেনে রোববার টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার ও ম্যাথু ওয়েড। দুজনে মিলে ১৩৬ রানের জুটি গড়ে স্বাগতিকদের বড় সংগ্রহ জমা করার পথ মসৃণ করে দেন। ৭২ বলে ৬৪ রান করে নুয়ান কুলাসেকারার বলে রঙ্গনা হেরাথের হাতে ধরা পড়েন ওয়েড। তবে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে যেতে থাকেন ওয়ার্নার। ফারভিজ মাহারুফকে চার মেরে শতকে পৌঁছান তিনি। এরপর শ্রীলঙ্কার বোলারদের উপর আরো নিষ্ঠুর হয়ে ওঠে ওয়ার্নারের ব্যাট। তৃতীয় উইকেটে ড্যানিয়েল ক্রিস্টিয়ান (২৬ বলে ৩৭), পঞ্চম উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্ক (৪৪ বলে ৬৪) ও ষষ্ঠ উইকেটে মাইকেল হাসির (২১ বলে ৩৩) সঙ্গে তার কার্যকর তিনটি জুটির সুবাদে ৬ উইকেটে ৩২১ রান করে অস্ট্রেলিয়া। ইনিংসের শেষ বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। ৫১ রানে ২ উইকেট নেয়া প্রাসাদ বল হাতে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। একমাত্র কুমার সাঙ্গাকারা (৪২) ছাড়া টপ অর্ডার ব্যর্থ হওয়ায় ১৪৪ রানেই ৬ উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। তবে সপ্তম উইকেটে নুয়ান কুলাসেকারা ও উপুল থারাঙ্গার ৬৯ বলে ১০৪ রানের ঝড়ো জুটি ম্যাচ জমিয়ে দেয়। ৬৭ বলে ৬০ রান করে থারাঙ্গা আউট হয়ে গেলেও দলকে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন কুলাসেকারা। অষ্টম উইকেটে ধাম্মিকা প্রাসাদের সঙ্গে ২৫ বলে ৩৭ রানের জুটি গড়েন তিনি। ৪৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৩ রান করে কুলাসেকারা আউট হয়ে গেলে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন। শেষ উইকেটে প্রাসাদ (২১ বলে অপরাজিত ৩১) চেষ্টা করলেও সঙ্গীর অভাবে দলকে বাঁচাতে পারেননি তিনি। ৪৯ ওভার ২ বল ৩০৬ রানে থেমে যায় শ্রীলঙ্কা। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ডেভিড হাসি অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার। এছাড়া শেন ওয়াটসন ও ব্রেট লি ৩টি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩২১/৬ ( ওয়ার্নার ১৬৩, ওয়েড ৬৪, ওয়াটসন ২১, ক্রিস্টিয়ান ১০, ডেভিড হাসি ১, ক্লার্ক ৩৭, মাইকেল হাসি ১৯* ; প্রাসাদ ২/৫১, হেরাথ ১/৩৬, কুলাসেকারা ১/৬০, মালিঙ্গা ১/৭৪) শ্রীলঙ্কা: ৪৯.২ ওভার ৩০৬/১০ (জয়াবর্ধনে ১৪, দিলশান ২৭, সাঙ্গাকারা ৪২, চান্দিমাল ১৪, থিরিমান্নে ১৪, থারাঙ্গা ৬০, মাহারুফ ৮, কুলাসেকারা ৭৩, প্রাসাদ ৩১*, হেরাথ ৫, মালিঙ্গা ১; ডেভিড হাসি ৪/৪৩, ওয়াটসন ৩/৩৩, লি ৩/৫৯) ফল: অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী। ম্যাচ সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৪ ঘ.