ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত ধুয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও শেষ একদিনের খেলাও শনিবার জিতে নেয় তারা পাঁচ উইকেটে।
এর আগে প্রথম দুই খেলায় সফরকারীরা জেতে ছয় উইকেটে।
অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে। সফরকারীদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৪৭ ওভারে ২০৬ রানে।
রান তাড়া করতে গিয়ে পাঁচ উইকেটে জয়ের লক্ষ্য ২০৭ টপকে ২০৮ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা ৪৩ ওভার ২ বলে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮০ রান তুলে জয়ের ভিত্তি গড়ে দেন হাশিম আমলা ও ওয়েন পার্নেল।
পার্নেল ২৭ রান তুলে সাজঘরে ফিরে গেলেও কখনোই পথ হারায়নি দক্ষিণ আফ্রিকা। জয়ের পথেই থেকেছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত। যদিও জয়ের বন্দরে পৌঁছার পথে তারা উইকেট হারায় আরো চারটি।
দলীয় ১৩৮ রানের মাথায় বিদায়ের আগে ৭৬ রান করেন আমলা। তার ৮৯ বলের ইনিংসে চার রয়েছে সাতটি।
এছাড়া অ্যালবি মরকেল ৪১, জেপি ডুমিনি ২৫ ও ফাফ দু প্লেসিস ১৯ রান করেন।
শেষ পর্যন্ত ডি ভিলিয়ার্স ৯ ও জোহান বোথা ৫ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের পক্ষে দুই উইকেট নেন রব নিকোল ১৪ রানে।
এর আগে সফরকারীদের মাপা লেঙ্থের বোলিংয়ের মুখে শুরু থেকেই সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। রান তুলতে হয় রীতিমতো লড়াই করে।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান নিকোল (১২) ও মার্টিন গাপটিল (৭) ব্যর্থ হলেও মাঝের সারির ব্যাটসম্যানদের সাবাই শুরুটা করেন ভালোই। কিন্তু কেউ তাদের ইনিংস লম্বা করতে পারেননি। আবার গড়ে ওঠেনি বড় কোনো জুটিও।
পঞ্চম উইকেটে সব চেয়ে বেশি ৫৫ রানের জুটি গড়ে তোলেন জেমস ফ্রাঙ্কলিন (৩৬) ও কলিন গ্রান্ডহোম (৩৬)। দ্বিতীয় সর্বোচ্চ জুটি ছিল ৩২ রানের। এটি গড়ে তোলেন নিকোল ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৭ রানও আসে ম্যাককালামের ব্যাট থেকে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি বিদায় নেন দলীয় ৭৪ রানের মাথায়।
এছাড়া কেন উইলিয়ামসন ২২ ও মাইকেল ব্যাটস করেন ১৩ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৬ রানে চার উইকেট নেন মার্চেন্ট ল্যাঙ্গে।
এখন তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। প্রথম টেস্ট শুরু হবে ৭ মার্চ ডুনেডিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৩ ঘ.
bdnews24