ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল বার্নার্সের আইকন খেলোয়াড় শাহরিয়ার নাফীস মনে করেন যোগ্য দল হিসেবেই বিপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আর মাশরাফি বিন মর্তুজার ফেরাকে মনে করছেন সবচেয়ে বড় পাওয়া হিসেবে।
ম্যাচ শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাফীস বলেন, “তিনবার গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরেছি বলেই নয়, যে কোনো বিবেচনায় ঢাকা গ্ল্যাডিয়েটর্সই সেরা দল। যোগ্য দল হিসেবেই তারা শিরোপা জিতেছে। শহিদ আফ্রিদি ও সাঈদ আজমল আসার পর গ্ল্যাডিয়েটর্সের বোলিং হয়েছে প্রচণ্ড রকম শক্তিশালী।”
“আর আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মাশরাফির ফেরা। অনেক দিন পর স্বরূপে ফিরেছে মাশরাফি,” যোগ করেন তিনি।
উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতাই হারের কারণ বলে মনে করেন নাফীস। তিনি বলেন, “উপরের সারির ব্যাটসম্যানদের ওপর আমরা অনেকাংশে নির্ভরশীল ছিলাম। উদ্বোধনী জুটি একটা ভালো সূচনাও এনে দিয়েছিল। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন নি।”
“ব্র্যাড হজ একা যা একটু খেলেছেন। গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং খুব শক্তিশালী, তাদের বিপক্ষে জেতার জন্য এই রান যথেষ্ট নয়,” যোগ করেন তিনি।
শিরোপা জেতার পর দারুণ খুশি মাশরাফি বিন মর্তুজা। টুর্নামেন্টে নিজের ফিটনেস ও পারফরমেন্সেও সন্তুষ্ট তিনি।
মাশরাফি বলেন, “আমার ফিটনেস এমন একটা জয়গায় নিতে চাই যেন যে কোনো চাপ নিতে পারি। আর ক্রিস গেইল, ব্র্যাড হজ মানের ব্যাটসম্যানদের বিপক্ষে ভালো করে নিজের আত্মবিশ্বাস ফেরাতে চেয়েছিলাম।”
“আমার মনে হয় টুর্নামেন্টে আমি দুটোই করতে পেরেছি। ফিটনেস নিয়ে আমি সন্তুষ্ট, পারফরম্যান্স নিয়েও। তবে জাতীয় দলে ফেরাই আমার মূল লক্ষ্য, যদি দলে ফিরতে পারি তাহলেই আমার লক্ষ্য পূরণ হবে,” যোগ করেন তিনি।
আফ্রিদি, আজমলের উপস্থিতি দলের শক্তি অনেক বাড়িয়েছে, তারা অনেক সহায়তা করেছে মানলেও আজহার মেহমুদ, ইমরান নাজির, রানা নাভেদ-উল-হাসানের কথা বিশেষভাবে বলেছেন মাশরাফি।
মাঠের বাইরে অনেক বিতর্ক হলেও মাঠে তার কোনো প্রভাব পড়েছে বলে মনে করেন না মাশরাফি। তিনি বলেন, “অনেক বিতর্ক হয়েছে, তবে মাঠে তার কোনো প্রভাব পড়েনি। প্রতিটি খেলোয়াড় মাঠে শতভাগ উজাড় করে দিয়ে খেলেছেন।”
ফাইনালের সেরা খেলোয়াড় ইমরান নাজির বলেন, “এখানে খেলা খুব উপভোগ করেছি। আশা করছি শিগগির পাকিস্তান জাতীয় দলে ফিরবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪৩ ঘ.
bdnews24