২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কিংসের সমালোচনায় বিসিবি সভাপতি

তার সঙ্গে আলোচনা না করেই আদালতের শরণাপন্ন হওয়ায় চট্টগ্রাম কিংসের পৃষ্ঠপোষকদের সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তার সঙ্গে আলোচনা না করেই আদালতের শরণাপন্ন হওয়ায় চট্টগ্রাম কিংসের পৃষ্ঠপোষকদের সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, “চট্টগ্রাম কিংস আমাদের সম্মানিত ফ্র্যাঞ্চাইজি। তাদের উচিৎ ছিলো আমার কাছে আসা। আমার দরজা তো সব সময় খোলা। আমি যদি তাদেরকে বোঝাতে ব্যর্থ হতাম তাহলে অন্য জায়গায় যেতে পারতো।” “আমি শুনেছি তারা আদালতেও গিয়েছে। আমি মনে করি আদালতে যাওয়ার আগে আমার কাছে আসা উচিৎ ছিলো,” যোগ করেন তিনি। মঙ্গলবার চট্টগ্রাম কিংসের পৃষ্ঠপোষক সামির কাদির চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, বিপিএল জুয়ার আসর হয়ে আছে। এ ব্যাপারে বিসিবি সভাপতির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “তিনি কি বলেছেন আমি জানি না। পত্রিকায় দেখলাম। তিনি যদি সত্যিই এসব কথা বলে থাকেন তাহলে তা খুবই দুঃখজনক।” “তাকে (সামির কাদেরকে) আমাদের উন্নয়নের অংশীদার বলেই আমি মনে করি। তার এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। আমার সঙ্গে আলোচনা না করে আদালতে গিয়ে তারা ঠিক করেনি। বিপিএলকে জুয়ার আসর বলাটাও ঠিক হয়নি,” যোগ করেন তিনি। মুস্তফা কামাল বলেন, “আমরা জুয়ার আসর বসাইনি, ক্রিকেট খেলছি। বিদেশেও ক্রিকেটে জুয়ার চেষ্টা চলে। আমাদের এখানেও জুয়ার চেষ্টা চলছিলো।” “বাংলাদেশের একজন এবং বিদেশের একজন খেলোয়াড় এই চেষ্টা করেছিলেন। বাংলাদেশের খেলোয়াড়টি ও তার সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। এরই মধ্যে আমরা একটি তদন্ত কমিটিও গঠন করেছি। সময় মতো সব কিছুই সংবাদ মাধ্যমকে জানানো হবে,” যোগ করেন তিনি। বিসিবি সভাপতি বলেন, “আমরা ফ্র্যাঞ্চাইজিদের এ ব্যাপারে সাবধান থাকতে বলেছি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মানুযায়ী ম্যাচ চলাকালীন সময়ে সাবধান থাকতে হয় প্রতিটি দলকে। এ ব্যাপারে সন্দেহের উদ্রেক হলে সংশ্লিষ্ট দলটিরই সব কিছু জানানোর দায়িত্ব।” বিপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কিংসের পাকিস্তানী ক্রিকেটার নাসির জামশেদের। তার ব্যাপারে বিসিবি কী করছে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, “নাসির জামশেদ সম্পর্কে সিদ্ধান্ত নেবে সরকার। যে পর্যন্ত সরকার তার ব্যাপারে কিছু না বলছে আমাদের কিছু করার নেই। তাকে আর দশজনের মতোই দেখতে হবে। প্রয়োজন হলে তাকে বিমানবন্দরে আটকে দেয়া হতে পারে। তবে এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই।” মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় দল ও দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম অভিযোগ করেন, বিপিএল দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “মুশফিকুর রহিমের বক্তব্য নিয়ে বোর্ডের সভায় আলোচনা করা হবে। চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে তিনি এ ধরনের কথা বলতে পারেন কিনা তা খতিয়ে দেখা দরকার। ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়টি দেখবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫০ঘ.