ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ এবং দুই পেসার জহির খান ও উমেশ যাদবকে বিশ্রামে রেখে বুধবার এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শেবাগের অনুপস্থিতিতে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বিরাট কোহলিকে।
কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলো ভারত।
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, শচীন টেন্ডুলকারও খেলবেন এবারের এশিয়া কাপে।
ঢাকায় চার জাতির এশিয়া কাপ শুরু হবে ১১ মার্চ। প্রতিযোগিতার অন্য দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা।
ভারতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ইউসুফ পাঠান ও পেসার অশোক দিন্দা। গত জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন পাঠান ভাইদের বড় জন। আর ৫টি ওয়ানডে খেলা দিন্দা সর্বশেষ খেলেন ২০১০ সালে শ্র্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে। ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত।
ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক), শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, রবীন্দ্র জাদেজা, প্রাভিন কুমার, বিনয় কুমার, অশোক দিন্দা, রবিচন্দ্রন অশ্বিন ও রাহুল শর্মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪০ঘ.
bdnews24