ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মর্নে মরকেলের মারত্মক বোলিংয়ের ওপর ভর করে নিউজিল্যান্ডকে আবারো ছয় উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল তারা।
প্রথম একদিনের খেলাতেও দক্ষিণ আফ্রিকা জেতে ছয় উইকেটে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে বুধবার প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ৩ বলে ২৩০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। পাঁচ উইকেট নেন মর্নে মরকেল।
রান তাড়া করতে নেমে চার উইকেটে জয়ের লক্ষ্য ২৩১ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা চার উইকেটে। তখনো হাতে ছিল ৭০ বল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১১ রানের মাথায় বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্যলিস (৪)।
কিন্তু অপর উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ছিলেন অবিচল। প্রথমে ফাফ দু প্লেসিসকে সঙ্গে নিয়ে এই নাজুক অবস্থা তিনি শুধু সামালই দেননি, দলকে খানিকটা এগিয়ে নেন জয়ের পথে। দলীয় ৮০ রানের মাথায় প্লেসিসের (৩৪) বিদায়ের পর আমলার সঙ্গে যোগ দেন জেপি ডুমিনি।
তৃতীয় উইকেট জুটিতে ৮৭ রান তুলে দলকে জয়ের আরো কাছে নিয়ে যান তারা। দলীয় ১৬৭ রানের মাথায় ৪৩ রান করে সাজঘরের পথ ধরেন ডুমিনি। তার ৩৯ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি।
ট্যারুন নেথুলার বলে উইকেটের পেছনে ম্যাককালামের হাতে ধরা পড়ে আমলা যখন বিদায় নেন জয় তখন মাত্র ৪০ রান দূরে। আমলা ৯২ রান করেন ১০৭ বল খেলে। সীমানার ওপারে বল পাঠান তিনি ১২ বার।
বাকি কাজটা সহজেই সারেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও জাস্টিন অনটং। শেষ পর্যন্ত ডি ভিলিয়ার্স ৩১ ও অনটং ১৭ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের পক্ষে নেথুলা দুই উইকেট নেন ৬০ রানে।
সকালে টস জিতে ডি ভিলিয়ার্স ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে। দলীয় মাত্র ২৪ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকোল ১১ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পরই যেন ছন্দ খুঁজে পায় নিউজিল্যান্ড।
দ্বিতীয় উইকেট জুটিতে অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ১০৭ রান তুললে আভাস পাওয়া যেতে থাকে বড় স্কোরের। দলীয় ১৩১ রানের মাথায় ক্যালিসের বলে ডি ভিলিয়ার্সের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে গাপটিল করেন ৫৮। তার ৭৩ বলের ইনিংসে চার রয়েছে আটটি।
এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে সাবলীলভাবে খেলে যেতে থাকেন ম্যককালাম। কিন্তু ১৬৩ রানের মাথায় ১৩ রান করে বিদায় নেন উইলিয়ামসন।
দলের সঙ্গে আর ১২ রানে যোগ হওয়ার পর ১৭৫ রানের মাথায় ম্যাককালামের ফিরে যাওয়ার পর পথ হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর পথে ফেরা আর হয়ে ওঠেনি তাদের। ম্যাককালাম ৮৫ রান করেন ৯৬ বলে, ১১টি চার ও দু’টি ছক্কার সাহায্যে।
নিউজিল্যান্ডের শেষ ছয় ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মাত্র ৬৫ রান। এর মধ্যে টিম সুথি ২৮ ও অ্যান্ড্রু এলিস ১৯ রান করেন। হিসেবের খাতা খোলার আগেই বিদায় নেন তিন ব্যাটসম্যান। আর জেমস ফ্রাঙ্কলিনের ব্যাট থেকে আসে মাত্র ৬।
পাঁচ বল খেলেও কোনো রান করতে পারেননি অপরাজিত ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাককে।
মরকেলের পাঁচ উইকেট নিতে খরচ হয় ৩৮ রান। এছাড়া লনওয়াবো সটসোবে তিন উইকেট নেন ৪৩ রানে।
সিরিজের শেষ ও তৃতীয় খেলা হবে ৩ মার্চ অকল্যান্ডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৯ ঘ.
bdnews24