ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বার্নার্সের সেমিফাইনাল বাতিল এবং ফাইনালের ওপর স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে গিয়ে বিফল হয়ে ফিরতে হয়েছে চট্টগ্রাম কিংসকে।
বুধবার জজ কোর্টে ফাইনাল স্থগিতের আবেদনে সাড়া না পেয়ে হাই কোর্টে যায় বিপিএলে চট্টগ্রামের দলটির মালিক পক্ষ।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে এর শুনানি নির্ধারিত হলেও তারা পরে আবেদনটি ফেরত দেন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, বিবাদিদের দুজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। এরপর ‘স্যরি’ বলে আবেদনটি ফেরত দেন তিনি।
এরপর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে রিট আবেদনটির শুনানি হয়।
তবে শুনানির পর ‘উপস্থাপিত হয়নি’ বলে আবেদনটি খারিজ করে দেয় হাই কোর্টের এই বেঞ্চ।
এক্ষেত্রে জজ কোর্টে একই ধরনের আবেদন খারিজ হওয়ার বিষয়টি তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক। শুনানিতে চট্টগ্রাম কিংসের পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ।
‘নাটকীয় সিদ্ধান্তে’ সেমিফাইনাল বাদ পড়া চট্টগ্রাম কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা সামীর কাদের চৌধুরীর রিট আবেদনে সেমিফাইনাল থেকে তাদের বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি বুধবারের ফাইনালের ওপরও নিষেধাজ্ঞা চাওয়া হয় ।
হাই কোর্টে যাওয়ার আগে বিপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢাকার জজ আদালতে একটি মামলা করেন সামীর কাদের।
এতে সন্ধ্যায় অনুষ্ঠেয় ফাইনালের ওপর স্থগিতাদেশ চাইলেও তা দেয়নি আদালত। তবে বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ সাত জনকে তলব করা হয় ।
মামলায় অভিযোগ করা হয়, বেআইনিভাবে সেমিফাইনালে তাদের বাদ দিয়ে বরিশাল বার্নার্সকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।
মামলাকারীর আইনজীবী লিটন রায় চৌধুরী সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিপিএল সেমিফাইনালে বরিশালের খেলাটি বাতিল এবং বুধবারের ফাইনাল খেলাটি স্থগিত রাখতে আদালতের নির্দেশ চাওয়া হয়ছিল।
বরিশাল বার্নার্স ইতোমধ্যে সেমিফাইনালে দুরন্ত রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠেছে। সন্ধ্যা সোয়া ৬টায় তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের।
মামলায় বিপিএল পরিচালনা পর্যদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুসহ সাত জনকে বিবাদি করা হয় । তবে এক ও দুই নম্বর বিবাদি করা হয় পর্ষদের সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মো. আলমগীর ও ম্যাচ রেফারি মাইক প্রক্টরকে। বরিশাল বার্নার্সের ব্যবস্থাপনা পরিচালকও বিবাদির তালিকায় রয়েছেন।
তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তির বিষয়টি বিবেচনা করে সেমিফাইনাল বাতিল কিংবা ফাইনাল স্থগিতের কোনো আদেশ জজ শওকত হোসেন দেননি।
তবে বিচারক এই বিষয়ে ব্যাখ্যা দিতে সাত বিবাদিকে আগামী ১৫ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
দুই দলের পয়েন্ট সমান হওয়ার পর সোমবার মধ্যরাতে এক বৈঠকের পর বিপিএল পরিচালনা পর্যদ জানায়, বরিশাল বার্নার্সই সেমিফাইনাল খেলবে, চট্টগ্রাম কিংস বাদ।
সেদিন সন্ধ্যায়ই বিপিএল পরিচালনা পর্যদের চেয়ারম্যান গাজী আশরাফ জানিয়েছিলেন, বরিশাল নয়, চট্টগ্রাম কিংস উঠেছে সেমিফাইনালে।
তবে আগের দিন রোববার খেলা শেষের পর টেলিভিশনে ধারাভাষ্যকাররা বলেছিলেন, বরিশাল বার্নার্সই সেমিফাইনালে উঠেছে।
বরিশাল বার্নার্স ও চট্টগ্রাম কিংসের এই জটিলতা নিয়ে সমালোচনার মধ্যে পড়েছে বিপিএল কর্তৃপক্ষ তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শেষ চারের লড়াইয়ে বাদপড়ার খবর জানার পর চট্টগ্রাম কিংসের মালিক পক্ষ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে।
চট্টগ্রাম কিংস দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এস কিউ গ্রুপ। এর অন্যতম কর্ণধার বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিবি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24