ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরাট কোহলির ৮৬ বলে অপরাজিত ১৩৩ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখলো ভারত।
এখন ভারত তাকিয়ে আছে মেলবোর্নে শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচের দিকে। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কা হেরে গেলেই ফাইনালে উঠে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে সাবেক দুই অধিনায়ক তিলকারতেœ দিলশান (১৬৫ বলে অপরাজিত ১৬০) ও কুমার সাঙ্গাকারার (৮৭ বলে ১০৫) শতকের সুবাদে ৪ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে একটি বোনাস পয়েন্টসহ জয় প্রয়োজন ছিলো ভারতের। সেজন্য ৪০ ওভারের মধ্যে শ্রীলঙ্কার দেয়া ওই রান টপকে যেতে হতো তাদের। কোহলি ঝড়ে ৩৬ ওভার ৪ বলেই ৩ উইকেট হারিয়ে ওই রান তুলে ফেলে ভারত। ৮৬ বলের ওই ইনিংসে ১৬টি চার ও ২টি বিশাল ছক্কা মারেন কোহলি।
এর আগে ভারতকে ভালো সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্রর শেবাগ ও শচীন টেন্ডুলকার। ৩৮ বলে ৫৪ রানের জুটি গড়ে ফারভিজ মাহারুফের বলে দিলশানের হাতে ধরা পড়েন শেবাগ (১৬ বলে ৩০)।
তবে বেশ স্বচ্ছন্দে খেলছিলেন টেন্ডুলকার। কিন্তু শততম শতকের অপেক্ষায় থাকা এই মাস্টার ব্যাটসম্যান আবারো ব্যর্থ। ৩০ বলে ৩৯ রান করে লাসিথ মালিঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি।
৮৬ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে তখন ভারত। মাঠে নামেন কোহলি। শুরু হয় ঝড়। ওই ঝড়ে রীতিমত উড়ে যায় লাঙ্কান বোলারা। গৌতম গম্ভীরকে (৬৪ বলে ৬৩) সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে দলের সঙ্গে ১১৫ রান (১০৮ বলে ) যোগ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
তবে সবচেয়ে বিধ্বংসী জুটি গড়েন সুরেশ রায়ানার (২৪ বলে অপরাজিত ৪০) সঙ্গে। চতুর্থ উইকেটে তাদের ৫৫ বলে অপরাজিত ১২০ রানের জুটি দলের জয়ের পাশাপাশি একটি বোনাস পয়েন্টও নিশ্চিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৩৯ ঘ.
bdnews24