ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক ‘নাটক’ এর পর শেষ চারের লড়াইয়ে চট্টগ্রাম কিংসের বাদ পড়ার কারণ হিসেবে বিপিএলে ‘বাজির ছায়া’ দেখছে এর মালিক পক্ষ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলনে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এস কিউ গ্রুপের অন্যতম কর্ণধার সামির কাদের চৌধুরী বলেন, “বিপিএল জুয়ার আসর হয়ে আছে। আমার সন্দেহ হচ্ছে, সেই জুয়ার কারণেই বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে খেলানো হচ্ছে কি না।”
বিপিএলে সেমিফাইনালিস্ট হিসেবে চট্টগ্রাম কিংসের বদলে বরিশাল বার্নার্সের নাম ঘোষণার পর এই কথা বললেন তিনি।
সমান পয়েন্ট হওয়ায় সোমবার সন্ধ্যায় বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের বলেছিলেন, চট্টগ্রাম কিংস সেমিফাইনালে যাচ্ছে।
এরপর মধ্যরাতে এক বৈঠকের পর বিপিএল কর্তৃপক্ষ জানায়, সেমিফাইনাল খেলবে বরিশাল, চট্টগ্রাম কিংস নয়।
এর প্রতিক্রিয়ায় ডাকা সংবাদ সম্মেলনেই জুয়ার কথা বলল চট্টগ্রাম কিংসের মালিক পক্ষ। এর এক দিন আগেই ম্যাচ গড়পেটায় জড়িত সন্দেহে এক পাকিস্তানিকে গ্রেপ্তার করে পুলিশ।
সামির বলেন, “আমি এ পর্যন্ত তিন বার স্পট ফিক্সিং বা ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব পেয়েছি। প্রতিবারই আমি দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটকে জানিয়েছি, কিন্তু বিসিবির পক্ষ থেকে কোনো সাড়া পাইনি।”
ম্যাচ পাতানো নিয়ে বিসিবি কিছু করছে না বলে অভিযোগ করে তিনি বলেন, “পাকিস্তানের যে সন্দেহভাজন এক নাগরিককে ধরা হয়েছে, সেটা কিন্তু বিসিবির কৃতিত্ব নয়। চট্টগ্রাম কিংস তাকে ধরিয়ে দিয়েছে। কিন্তু তারপর থেকে ওই ব্যাপারে আমাদের আর কিছু জানানো হচ্ছে না।”
পাকিস্তানের ওই নাগরিকের মোবাইলের ইনবক্সে চট্টগ্রাম কিংসের পাকিস্তানি খেলোয়াড় নাসির জামশেদের ব্যাংক একাউন্ট নম্বর পাওয়া গেছে বলেও জানান সামির।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তিন সপ্তাহ আগে অভিযোগ করেন যে, সাবেক একজন ক্রিকেটার তাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন।
বিপিএলে বিনিয়োগ করে এখন হতাশা প্রকাশ করে সামির বলেন, “আমি আগ্রহই হারিয়ে ফেলেছি। এর আগে এনসিএলেও অনেক টাকা বিনিয়োগ করেছিলাম। সেখানেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আর এবারের অঙ্কটা তো আরো বড়, সে কারণে ঝামেলাগুলোও আরো বড় হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/এমআই/১৫০৭ ঘ.
bdnews24