ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনাল শুরুর দুই ঘণ্টা আগে বিপিএলের শেষ চারের লড়াইয়ে বাদপড়া দল চট্টগ্রাম কিংস জানিয়েছে, তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলনে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এস কিউ গ্রুপের অন্যতম কর্ণধার সামির কাদের চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
চট্টগ্রাম দলের অন্যতম কর্ণধার বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কিংসের কোচ খালেদ মাহমুদ সুজন এবং ব্যবস্থাপক নাসির আহমেদ নাসুও ছিলেন।
চট্টগ্রামকে বাদ দিয়ে বরিশাল বার্নার্সকে সেমিফাইনালিস্ট ঘোষণা করে বিপিএল পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই সংবাদ সম্মেলন করা হয়।
চট্টগ্রামের সংবাদ সম্মেলনের সময় বরিশাল বাদে অন্য তিন সেমিফাইনালিস্ট দলের কর্মকর্তাদেরও সেখানে দেখা গেছে। ছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপক কাজী শফিকুল হক হীরা, দুরন্ত রাজশাহীর ব্যবস্থাপক ফারুক আহমেদ, খুলনা রয়েল বেঙ্গলসের ব্যবস্থাপক জাহিদ রাজ্জাক মাসুম।
অনেক ‘নাটক’র পর সোমবার মধ্যরাতে বিপিএল পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয়, চট্টগ্রাম কিংস নয়, বরিশাল বার্নার্স খেলবে সেমিফাইনাল।
সামির কাদের বলেন, “বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের কোনো তথ্য পর্যন্ত জানায়নি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বিসিবি কার্যালয়ে গেলে রাত ২টা ১৯ মিনিটে আমাদের একটি চিঠি ধরিয়ে দিয়ে জানানো হয়, সেমিফাইনালে খেলছি না আমরা।”
“অথচ সেমিফাইনালে খেলার নিশ্চয়তা পেয়ে আমরা এরই মধ্যে ওমর আকমল ও ওয়াহাব রিয়াজকে নিয়ে এসেছি, এর দায় এখন কে নেবে,” বলেন তিনি।
চট্টগ্রাম কিংসের দাবি, নিয়ম (বাইলজ) ভেঙে তাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য আইনি লড়াইয়ে যাবেন তারা।
সামির কাদের বলেন, “বাইলজ ভেঙে আমাদের সেমিফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে। ২১ এর ৮ এর দুই উপধারা ও এক উপধারা মিলিয়ে নিয়ম বানানো হয়েছে। কিন্তু এভাবে একেক উপধারা থেকে একেক অংশ নিয়ে নিয়ম বানানো যায় না। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি, এরই মধ্যে আমাদের প্রতিনিধি আদালতে গেছেন।”
রোববার খেলা শেষের পর সেমিফাইনালে ওঠার উল্লাস ছিল বরিশাল বার্নাসের, কিন্তু পরদিন বিকালেই তাতে জল ঢেলে দিয়েছিলেন বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, বরিশাল নয়, সেমিফাইনালে যাচ্ছে চট্টগ্রাম কিংস। এক্ষেত্রে বাইলজ অনুযায়ী মুখোমুখি খেলার ফলে বরিশালের পিছিয়ে থাকার কথা তুলে ধরেন তিনি।
এরপর রাতে বৈঠকের পর মঙ্গলবার সেমিফাইনালের দিন আবার বরিশালের পক্ষে সিদ্ধান্তের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিপিএল কর্তৃপক্ষ।
১০ পয়েন্ট করে থাকা তিন দলের নিজেদের মধ্যে খেলায় সবচেয়ে বেশি তিন ম্যাচ জিতে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
“বরিশাল বার্নার্স (০.১৭৮) ও চট্টগ্রাম কিংস (০.০৭৮) নিজেদের মধ্যে একটি করে ম্যাচ জিতেছে, সে জন্য রান রেটের হিসেবে সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে খেলবে বার্নার্স,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
সামির বলেন, “ঢাকা গ্ল্যাডিয়েটর্স চট্টগ্রাম কিংসের কাছে এক ম্যাচ হারলেও সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। বরং দুই দলের সঙ্গে জেতার কারণে গ্ল্যাডিয়েটর্সকে সেমিফাইনালে তুলে দেওয়া হয়েছে।”
বিপিএলে বাজিকরদের সংশ্লিষ্টতা দিকেও ইঙ্গিত করেছেন চট্টগ্রাম কিংসের পৃষ্ঠপোষক। তিনি বলেন, “আমি এ পর্যন্ত তিন বার স্পট ফিক্সিং বা ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব পেয়েছি। প্রতিবারই আমি দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটকে জানিয়েছি কিন্তু বিসিবির পক্ষ থেকে কোনো সাড়া পাইনি।”
“বিপিএল জুয়ার আসর হয়ে আছে। আমার সন্দেহ হচ্ছে সেই জুয়ার কারণেই বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে খেলানো হচ্ছে কি না,’ যোগ করেন তিনি।
অনেক টাকা বিনিয়োগ করে দলে গঠন করলেও এখনো বিসিবির সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানান সামির।
তিনি বলেন, “আমি আগ্রহই হারিয়ে ফেলেছি। এর আগে এনসিএলেও অনেক টাকা বিনিয়োগ করেছিলাম। সেখানেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আর এবারের অঙ্কটা তো আরো বড়, সে কারণে ঝামেলাগুলোও আরো বড় হচ্ছে।”
ম্যাচ পাতানো নিয়ে বিসিবি কিছু করছে না বলে অভিযোগ সামিরের। তিনি বলেন, “পাকিস্তানের যে সন্দেভাজন একজন নাগরিককে ধরা হয়েছে সেটা কিন্তু বিসিবির কৃতিত্ব নয়। চট্টগ্রাম কিংস তাকে ধরিয়ে দিয়েছে। কিন্তু তারপর থেকে ওই ব্যাপারে আমাদের আর কিছু জানানো হচ্ছে না।”
চট্টগ্রাম কিংসের কোচ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ বলেন, “এখন পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু উত্তর দিতে পারেননি কর্তৃপক্ষ। যারা ঠিকভাবে টুর্নামেন্ট চালাতে পারেন না তাদের ওই সব পদে থাকার নৈতিক অধিকার আছে কি?”
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের শফিকুল হক সাংবাদিকদের জানান, নিয়ম ভঙ্গ করে যদি চট্টগ্রাম কিংসকে বাদ দেওয়া হয়, তবে চট্টগ্রামের প্রতি তাদের সমর্থন থাকবে।
দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহী মুখোমুখি হবে বরিশাল বার্নাসের।
শফিকুলের মতোই চট্টগ্রামের প্রতি সমর্থনের কথা জানিয়ে রাজশাহী দলের ব্যবস্থাপক ফারুক সাংবাদিকদের বলেছেন, তারা সেমিফাইনাল ম্যাচে অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24