২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলগত প্রচেষ্টায় সেমিফাইনালে বরিশাল বার্নার্স’

চট্টগ্রাম কিংসকে হারিয়ে দল সেমিফাইনাল নিশ্চিত করায় দারুণ উচ্ছ্বসিত বরিশাল কিংসের আইকন খেলোয়াড় শাহরিয়ার নাফীস। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ দলগত প্রচেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কিংসকে হারিয়ে দল সেমিফাইনাল নিশ্চিত করায় দারুণ উচ্ছ্বসিত বরিশাল কিংসের আইকন খেলোয়াড় শাহরিয়ার নাফীস। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ দলগত প্রচেষ্টা। ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “বাঁচা-মরার লড়াইয়ে সবকিছু আমাদের পক্ষে গেছে। এই প্রথম কোনো ম্যাচে আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে এক সঙ্গে এতো ভালো করেছি। পরের ম্যাচগুলোর জন্য এই জয় আত্মবিশ্বাস যোগাবে।” “সেমিফাইনাল নিশ্চিত করার জন্য আজ (রোববার) আমাদের যা যা করার দরকার ছিল আমরা ঠিক তাই করেছি,” যোগ করেন তিনি। লক্ষ্য তাড়া করার সময় বরিশাল বার্নার্সকে জানানো হয় সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ১৬ ওভারে জিততে হবে। এ ব্যাপারে নাফীস বলেন, “জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। আসলে জয় ছাড়া আর কিছু ভাবিইনি। তবে ১৬ ওভারের মধ্যে জিততে হবে বলে বেশ চাপ অনুভব করেছি।” “ব্যাটসম্যানরা সবাই পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা মতো ব্যাটিং করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত এমনটা হয় না। ব্র্যাড হজের অভিজ্ঞতা খুব কাজে লেগেছে,” যোগ করেন তিনি। উদ্বোধনী জুটির কারণেই জয় সহজে এসেছে বলে মনে করেন নাফীস। তিনি বলেন, “আহমেদ শেহজাদ ও ব্র্যাড হজ দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন। তাদের কারণেই শেষ দিকে কাজ অনেক সহজ হয়ে যায়। পরে ফিল মাস্টার্ডও ভালো খেলেছেন,” যোগ করেন তিনি। নাফীসের প্রশংসা পেয়েছেন বোলাররাও। তিনি বলেন, “বোলাররা শেষ দিকে দারুণ বল করেছেন। শুরুতে কিংস কিন্তু অনেক রান করে ফেলেছিল। রানের গতি কমাতে না পারলে কিন্তু তরা দুশর কাছাকাছি রান করে ফেলতো। সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক কঠিন হতো।” এদিকে বার্নার্সের কাছে হারে ভীষণ হতাশ চট্টগ্রাম কিংস অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিন বলেন, “এই পরাজয়ে আমি খুবই হতাশ। এমনটা মোটেও আশা করিনি। বার্নার্সের বিপক্ষে জেতার আত্মবিশ্বাস ছিল।” “প্রথম ১০ ওভারে যেমন ব্যাট করেছি শেষ ১০ ওভারে তেমনটি হয়নি। ঐ সময়ে উইকেট হারানোর পাশাপাশি রানও কম তুলেছি,” যোগ করেন তিনি। তিনি বলেন, “তারপরও যে রান হয়েছে তাতে আমাদের আরো ভালো করা সম্ভব ছিল। আমি জানতাম ১৬ ওভারে ঐ রান তাড়া করতে হবে বার্নার্সের।” “প্রথম ৬ ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। সে সসময় দুয়েকটা উইকেট ফেলতে পারলে গল্পটা অন্য রকম হতে পারতো। তবে বাজে বোলিংয়ের কোনো অজুহাত নেই,” যোগ করেন তিনি। আত্মবিশ্বাসের ঘাটতি আর চট্টগ্রামে টানা দুই পরাজয়েই দলের ছন্দ পতনের মূল কারণ বলে মনে করছেন মাহমুদুল্লাহ। তবে এখনো দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা দেখছেন তিনি। তিনি বলেন, “ছোট হলেও একটু আশা আছে। আমরা কালকের (সোমবারের) ম্যাচ দুটির দিকে তাকিয়ে আছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০৩ ঘ.