২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

রোববার ভারতকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে টানা তৃতীয় ম্যাচে হেরে যাওয়া ভারতের সামনে ফাইনালে উঠতে না পারার আশঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ভারতকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে টানা তৃতীয় ম্যাচে হেরে যাওয়া ভারতের সামনে ফাইনালে উঠতে না পারার আশঙ্কা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ভারতের পয়েন্ট ১০। ৬ ম্যাচ থেকে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ পয়েন্ট। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য মঙ্গলবার হোবার্টে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে শুধু হারালেই চলবে না, বোনাস পয়েন্টও পেতে হবে ভারতকে। চোটের কারণে দুই ম্যাচ মাঠের বাইরে থাকার পর আগের ম্যাচটি খেলেছিলেন মাইকেল ক্লার্ক। কিন্তু পিঠের পুরনো চোট আবার হানা দেয়ায় রোববার মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার অনুপস্থিতিতে স্বাগতিকদের নেতৃত্ব দেন চোট কাটিয়ে প্রায় চার মাস পর দলে ফেরা শেন ওয়াটসন। ব্যাটসম্যান ওয়াটসনের প্রত্যাবর্তনটা অবশ্য সুখকর হয়নি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু দলীয় ৫ রানেই বিদায় নেন ওয়াটসন (১)। আগের ম্যাচে শতক করা পিটার ফরেস্ট (৭) এবং মাইকেল হাসিও (১০) ব্যর্থ হওয়ায় ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ওয়াটসনের সঙ্গে উদ্বোধন করতে নামা ডেভিড ওয়ার্নার তাতে দমে যাননি। ৭টি চারের সাহায্যে ৬৬ বলে ৬৮ রান করে তিনি বিদায় নেয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০৭/৪। এরপর ডেভিড হাসি ও ম্যাথু ওয়েড ৯৪ রানের জুটি গড়েন। ৬৪ বলে ৫৪ রান করার পথে ২টি চার মারেন হাসি। হাসির চেয়ে দুই রান বেশি করেন ওয়েড। তার ৬৬ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা। শেষ দিকে জাভিয়ের ডোহার্টির ৯ বলে অপরাজিত ১৩ রানের সুবাদে ৯ উইকেটে ২৫২ রান করে অস্ট্রেলিয়া। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে বল হাতে ভারতের পক্ষে সবচেয়ে সফল বীরেন্দর শেবাগ। জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারেই বেন হিলফেনহসকে ফিরতি ক্যাচ দেন শেবাগ (৫)। সপ্তম ওভারে শচীন টেন্ডুলকার (১৪) দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। সুরেশ রায়না (৮) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (১৪) ব্যর্থ। গৌতম গম্ভীর (২৩), বিরাট কোহলি (২১), রবিচন্দ্রন অশ্বিন (২৬) ও ইরফান পাঠান (২২) চেষ্টা করলেও ৩৯ ওভার ৩ বলে ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন হিলফেনহস, ওয়াটসন ও ডোহার্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৬৪৬ ঘ.