ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে বিপিএলের সেমিফাইনাল নিশ্চিত করেছে দুরন্ত রাজশাহী। রোববারের প্রথম ম্যাচে সহজেই ৮ উইকেটে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলসকে। এর আগে দুই দলের প্রথম দেখায় ৬ উইকেটে জেতে দুরন্ত রাজশাহী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১০৬ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে মারলন স্যামুয়েলসের অর্ধশতকের সুবাদে ১৪ ওভার ১ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দুরন্ত রাজশাহী।
লক্ষ্য তাড়া করতে নেমে শাহজিব হাসানের (১২ বলে ২৮) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুরন্ত রাজশাহীর সূচনাটা হয় দারুণ। দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকের ৭১ রানের জুটি গড়ে স্যামুয়েলস (৫০) সাজঘরে ফেরার সময় দুরন্ত রাজশাহীর জয় নিঃশ্বাস দূরত্বে। স্যামুয়েলসের ৩৮ বলের ইনিংসটি ৭টি চার ও দুটি ছক্কায় সাজানো।
ম্যাচ শেষে ২৯ রানে অপরাজিত থাকা জুনায়েদেরও বড় অবদান।
এর আগে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে খুলনা রয়েল বেঙ্গলস। তৃতীয় উইকেটে ডোয়াইন স্মিথের (১৮) সঙ্গে নিল ও’ব্রায়েনের ৩৪ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। তবে স্মিথের বিদায়ে বড় একটা ধাক্কা খায় রয়েল বেঙ্গলস।
১৬ রান পর সাকলায়েন সজীবের বলে অধিনায়ক সাকিব আল হাসান (১১) বোল্ড হয়ে গেলে দলের বিপদ আরো বাড়ে। দলীয় ৬৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নাসির হোসেনের (৫) বিদায়ের ৯ রানের মধ্যে নাজমুল মিলন (১) ও আন্দ্রে অ্যাডামসও (৪) সাজঘরের পথ ধরলে রয়েল বেঙ্গলসের বড় সংগ্রহের সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যায়।
দলীয় ৮৬ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ৩৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ও’ব্রায়েন। দশ নম্বরে ব্যাট করতে নামা আব্দুর রাজ্জাকের ১৫ রানের সুবাদে শেষ পর্যন্ত একশ পেরোয় খুলনা রয়েল বেঙ্গলস।
১৬ রানে ৩ উইকেট নিয়ে দুরন্ত রাজশাহীর সেরা বোলার মোহাম্মদ সামি। তবে শেন অরভিনের (৩/১৯) অবদানও কম নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৪২ ঘ.
bdnews24