ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত শতকের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৫ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অতিথিদের। মাত্র ৩৫ রানের মধ্যে হাশিম আমলা (৮), গ্রায়েম স্মিথ (৯) ও জ্যাক ক্যালিসের (১৩) তিনটি মূল্যবান উইকেট হারিয়ে বসে তারা।
এমন বিপর্যয়কর অবস্থায় দলের হাল ধরেন ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি। দুজনের ৯০ রানের চতুর্থ উইকেট জুটিতে শুধু ঘুরেই দাঁড়ায়নি দক্ষিণ আফ্রিকা, জয়ের পথেও এগিয়ে গেছে অনেকখানি।
দলীয় ১২৫ রানে ডুমিনি ৪৬ রান করে আউট হয়ে গেলেও ডি ভিলিয়ার্স দমে যাননি। ফাফ দু প্লেসির সঙ্গে ১২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে, দলকে জিতিয়েই ফিরেছেন তিনি। ত্রয়োদশ ওয়ানডে শতকের দেখা পাওয়া ডি ভিলিয়ার্সের ১০৬ বলে অপরাজিত ১০৬ রানের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৪টি ছক্কা ও ৩টি চারে।
দক্ষিণ আফ্রিকার সহজ জয়ে ৬৬ রানে অপরাজিত থাকা দু প্লেসির অবদানও কম নয়। তার ৪৯ বলের আক্রমণাত্মক ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা।
এর আগে ব্যাট করতে নেমে ২৫ রানে উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে (৭) হারায় নিউজিল্যান্ড। আর ৩৩ রান যোগ হওয়ার পর বিদায় নেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকোলও (৩০)।
এরপর ৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন। দলীয় ১৩৭ রানে বিদায় নেয়ার আগে ম্যাককালাম করেন ৫৬ রান। ৬৭ বলের ইনিংসটিতে দুটি করে চার ও ছক্কা।
অর্ধশতক করেন উইলিয়ামসনও। ১৯৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৫৫ রান।
এরপর জেমস ফ্র্যাঙ্কলিন (৩২), অ্যান্ড্রু এলিস (২০) ও নাথান ম্যাককালামের (১৫) সৌজন্যে আড়াই শর ওপরে সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
লনওয়াবো সোতসোবে, মর্নে মরকেল, রবিন পিটারসন ও ক্যালিসের শিকার দুটি করে উইকেট।
২৯ ফেব্র“য়ারি দ্বিতীয় ওয়ানডে হবে নেপিয়ারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএআর/১৯০০ঘ.
bdnews24