ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশাল বার্নার্সকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে গেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অবস্থান তৃতীয়। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা বরিশাল বার্নার্সও অবশ্য শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে এখনো।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে বরিশাল বার্নার্স। জবাবে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের শুরুটা একদমই ভালো হয়নি। ১১ রানে মোহাম্মদ আশরাফুল (০) ও আফতাব আহমেদকে (১) হারিয়ে বিপদে পড়ে যায় তারা। তবে তৃতীয় উইকেটে আজহার মেহমুদের (৪২) সঙ্গে ইমরান নাজিরের ৯২ রানের জুটি জয়ের পথে অনেকখানি এগিয়ে দেয় ঢাকার দলটিকে।
৪০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করে নাজির বিদায় নেয়ার সময় ঢাকার স্কোর ১০৩/৩। আর ৯ রানের মধ্যে মেহমুদ ও ড্যারেন স্টিভেন্স (৩) আউট হয়ে গেলে জয়ের আশায় উজ্জীবিত হয়ে ওঠে বরিশাল বার্নার্স। তবে কাইরন পোলার্ডের তান্ডবে ছিন্নভিন্ন হয়ে যায় সেই আশা।
আনামুল হকের (অপরাজিত ১১) সঙ্গে মাত্র ৪ ওভার ১ বলে ৪৮ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটি গড়ে গ্ল্যাডিয়েটর্সকে দারুণ এক জয় এনে দেয়ার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডারের।
মাত্র ১৭ বলে চারটি বিশাল ছক্কা ও একটি চারে ৩৫ রানে অপরাজিত থাকা পোলার্ডের জন্যই ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
বরিশাল বার্নার্সের পক্ষে দুটি করে উইকেট নেন কবির আলী ও সোহরাওয়ার্দী শুভ।
এর আগে অধিনায়ক ব্র্যাড হজের (২৩) সঙ্গে আহমেদ শেহজাদের ৪০ রানের উদ্বোধনী জুটির সুবাদে ভালো সূচনা পায় বরিশাল বার্নার্স। হজ বিদায় নেয়ার পর দ্বিতীয় উইকেটে ফিল মাস্টার্ডের সঙ্গে ৪৯ রানের আরেকটি ভালো জুটি গড়েন শেহজাদ। তার ৩৯ বলে ৫১ রানের ইনিংসে ৭টি চার।
দলীয় ১১১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে মাস্টার্ডের ব্যাট থেকে আসে ৩৩ রান।
শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুনের অপরাজিত ২৪ রানের সুবাদে দেড় শ পেরোয় বরিশাল বার্নার্স।
২২ রানে ২ উইকেট নিয়ে রানা নাভেদ-উল-হাসান ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের সবচেয়ে সফল বোলার।
দুুই দলের প্রথম মুখোমুখি লড়াইয়েও ২১ রানে জিতেছিলো ঢাকা গ্ল¬্যাডিয়েটর্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩৩ ঘ.
bdnews24