ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিটার ফরেস্টের প্রথম ওয়ানডে শতকও জয় এনে দিতে পারেনি অস্ট্রেলিয়াকে। শুক্রবার হোবার্টে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরে গেছে তারা। এই জয়ের সুবাদে স্বাগতিকদের পেছনে ফেলে শ্রীলঙ্কাই এখন প্রতিযোগিতার শীর্ষে।
প্রতিটি দলের ৬টি ম্যাচ শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। সবচেয়ে নিচে থাকা ভারতের পয়েন্ট ১০।
বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। দলীয় ২৭ রানে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার। তবে মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা ফরেস্টের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়েন ফরেস্ট। ৭৯ বলে দুটি ছক্কা ও ৫টি চারসহ ৭২ রান করেন ক্লার্ক।
টুর্নামেন্টের প্রথম শতক করার পর ফরেস্ট অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে ফারভিজ মাহারুফের হাতে ধরা পড়েন তিনি। তার ১৩৮ বলে খেলা ১০৪ রানের ইনিংসে দুটি ছক্কা ও ১০টি চার।
৪১তম ওভারে ফরেস্ট বিদায় নেয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিলো ২০১/৪। এরপর মাইকেল হাসি (১৪ বলে ২১), ডেভিড হাসি (২৮ বলে অপরাজিত ৪০) ও ব্রেট লির (১৫ বলে অপরাজিত ২০) তিনটি আক্রমণাত্মক ইনিংস ৬ উইকেটে ২৮০ রানে পৌঁছে দেয় স্বাগতিকদের।
৪৩ রানে ২ উইকেট নেয়া ম্যাথুস বল হাতে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল।
জবাবে শুরুতে তিলকরতেœ দিলশানকে (৩) হারালেও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার আক্রমণাত্মক ব্যাটিং জয়ের পথে এগিয়ে দেয় শ্রীলঙ্কাকে। ২২ বলে ২২ রান করেন সাঙ্গাকারা।
চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন জয়াবর্ধনে ও দীনেশ চান্দিমাল। ৮১ বলে ৮৫ রান করেন জয়াবর্ধনে। ১০০ বল খেলা চান্দিমালের ব্যাট থেকে আসে ৮০ রান।
এই দুজন বিদায় নিলেও লাহিরু থিরিমান্নে (২৪), ম্যাথুস (২৪) এবং শেষ দিকে থিসেরা পেরেরার (১১ বলে অপরাজিত ২২) তিনটি কার্যকর ইনিংস ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় শ্রীলঙ্কাকে।
৫৩ রানের বিনিময়ে ড্যানিয়েল ক্রিস্টিয়ানের শিকার তিনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৭ঘ.
bdnews24