অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মমিনুল হকের বীরোচিত ব্যাটিংয়ে খুলনা রয়েল বেঙ্গলসকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বরিশাল বার্নার্স। আগের মুখোমুখি লড়াইয়ে খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় প্রতিশোধও নিয়েছে বরিশালের দলটি।
৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বার্নার্সের অবস্থান পঞ্চম। ৭ ম্যাচে সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স আছে চতুর্থ স্থানে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা রয়েল বেঙ্গলস।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬১ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে ১৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম চার ব্যাটসম্যানের প্রত্যেকে দুই অঙ্কের ঘরে গেলেও ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বরিশাল বার্নার্স। তবে পঞ্চম উইকেটে রমিজ রাজা জুনিয়রের (২২) সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান মুমিনুল হক।
এরপর ফরহাদ হোসেন (১১) ও কবির আলীর (অপরাজিত ১২) সাহায্য নিয়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন মমিনুল। ডোয়াইন স্মিথের করা শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে বরিশালকে জয় এনে দেয়ার সময় তিনি ৫৩ রানে অপরাজিত ছিলেন। ২৮ বলের দুর্দান্ত ইনিংসটিতে ৩টি চার ও ৪টি ছক্কা।
অবশ্য আন্দ্রে রাসেলের বলে উইকেট রক্ষক নিয়াল ও’ব্রায়েনের হাতে ব্যক্তিগত ২৬ ও সাকিব আল হাসানের বলে মার্শাল আইয়ুবের হাতে ৪০ রানে মমিনুল জীবন ফিরে না পেলে বরিশাল বার্নার্স না-ও জিততে পারতো।
খুলনা রয়েল বেঙ্গলসের পক্ষে আব্দুর রাজ্জাক ও সাকিব দুটি করে উইকেট নেন।
এর আগে হার্শেল গিবসের (৮ বলে ১৮ রান) আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে খুলনা রয়েল বেঙ্গলস দারুণ সূচনা পায়। তবে দলীয় ২৭ রানে গিবসের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই ডোয়াইন স্মিথ ও অধিনায়ক সাকিব আল হাসান সাজঘরের পথ ধরলে দিক হারায় তারা।
চতুর্থ উইকেটে শিবনারায়ন চন্দরপলের সঙ্গে নাসির হোসেনের (৩১) ৪৪ রানের জুটিতে ধাক্কা সামলে ওঠে খুলনা। দলীয় ৮২ রানে নাসিরের বিদায় ও এক রান পরে পায়ের পেশীতে টান পড়ে চন্দরপল (৩৩) মাঠ ছাড়লে আবারো চাপে পড়ে যায় তারা।
তবে সপ্তম উইকেটে ও’ব্রায়েনের (১৯) সঙ্গে ৪৩ ও অষ্টম উইকেটে ডলার মাহমুদের (অপরাজিত ৭ রান) সঙ্গে অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়ে দলকে দেড় শর ওপরে নিয়ে যান নাজমুল মিলন (অপরাজিত ৪২ রান)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১০ ঘ.
bdnews24