২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা বাঁচিয়ে রাখলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স

হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না সিলেট রয়্যালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বুধবারের প্রথম খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। দুই দলের প্রথম দেখায় রয়্যালসকে ৭ উইকেটে হারায় গ্ল্যাডিয়েটর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট রয়্যালসকে সহজেই ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ৪ ম্যাচ থেকে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সংগ্রহ ৮ পয়েন্ট। টানা সপ্তম হারে সিলেট রয়্যালসের সেমিফাইনালে খেলার আশা শেষ। দুদলের আগের লড়াইয়ে ঢাকার দলটি জিতেছিলো ৭ উইকেটে। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট রয়্যালসের আরেকটি অসহায় আত্মসমর্পণের কারণ প্রথমে ব্যাটসম্যান ও পরে ফিল্ডারদের অমার্জনীয় ব্যর্থতা। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৮ রান করে সিলেট রয়্যালস। জবাবে মাত্র ১২ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা গ্ল¬্যাডিয়েটর্স। লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ইমরান নাজিরের (১৬ বলে ৩১ রান) ৭৩ রানের উদ্বোধনী জুটি দারুণ সূচনা এনে দেয় গ্ল¬্যাডিয়েটর্সকে। শুরু থেকে প্রতিপক্ষ বোলারদের ওপরে খড়্গহস্ত নাজিরকে মাঠ ছাড়তে হয় দুর্ভাগ্যের শিকার হয়ে। পিটার ট্রেগোর করা সপ্তম ওভারের পঞ্চম বলে চার মেরেছিলেন পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু পরের বল হুক করতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। হেলমেট না থাকায় চোটটা বেশ গুরুতরই মনে হয়েছে শুরুতে। ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “ইমরান নাজিরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দলের ফিজিও তাকে পরীক্ষা করে দেখেছেন। তবে তার চোট খুব গুরুতর বলে মনে হচ্ছে না।” ইমরান মাঠ ছাড়লেও জয় পেতে বিন্দুমাত্র সমস্যা হয়নি গ্ল্যাডিয়েটর্সের। আশরাফুল (৩৩ বলে ৪০), আজহার মেহমুদ (১৫ বলে ২৯) ও কাইরন পোলার্ডের (৬ বলে অপরাজিত ২২) তিনটি ঝড়ো ইনিংস ৪৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় তাদের। তবে প্রতিপক্ষ ফিল্ডাররা তিনটি ক্যাচ না ছাড়লে এত সহজে জিততে পারতো না ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এর আগে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে যথারীতি চাপে পড়ে যায় সিলেট রয়্যালস। পঞ্চম উইকেটে ট্রেগো (৩৫) ও নাঈম ইসলামের (২৮) ৫১ রানের জুটি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলো তাদের। কিন্তু দুজনের বিদায়ের পর আর বেশি দূর যেতে পারেনি সিলেটের দলটি। ১৮ রানে ৩ উইকেট নিয়ে রানা নাভেদ-উল-হাসান ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের সেরা বোলার। জ্বরের জন্য এই ম্যাচে খেলতে পারেননি সিলেট রয়্যালসের অধিনায়ক অলক কাপালী। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন ইমরুল কায়েস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭১২ ঘ.