২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে মুশফিকদের সঙ্গে শেহজাদরাও

স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে পাঞ্জাবি গায়ে খালি পায়ে চট্টগ্রাম শহীদ মিনারে এসেছিলেন বিপিএলের বিদেশি খেলোয়াড়রা। ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো। মঙ্গলবার সকালে দলগুলোর কর্মকর্তা ও খেলোয়াড়রা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সকাল ৭টায় সবার আগে মুশফিকুর রহিমের শহীদ মিনারে যায় দুরন্ত রাজশাহী। বেলা ১১টায় একে একে শ্রদ্ধা জানায় সকিব আল হসানের খুলনা রয়েল বেঙ্গলস, মাশরাফি বিন মর্তুজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স, অলক কাপালীর সিলেট রয়্যালস, মাহমুদুল্লাহ রিয়াদের চট্টগ্রাম কিংস এবং শাহরিয়ার নাফিসের বরিশাল বার্নার্স। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে পাঞ্জাবি গায়ে খালি পায়ে শহীদ মিনারে এসেছিলেন বিপিএলের বিদেশি খেলোয়াড়, কোচ ও ম্যানেজাররা। ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররাও। বিপিএলের ম্যাচ রেফারি দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর স্বদেশি প্যাট সিমকক্সক নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে। তিনি বলেন, “মানুষের এই শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ। এ রকম একটি মুহূর্তে প্রথমবারের মত আমি অংশ নিলাম। ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্ব বোধ করছি।” ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বরিশাল বর্নার্সের পাকিস্তানি খেলোয়াড় আহমেদ শেহজাদ বলেন, “এখানে সবাই মিলে ফুল দিতে পেরে আমার ভাল লাগছে। প্রচুর জনসমাগম হয়েছে। বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে।” ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে। এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়। বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “প্রচারের জন্য নয়, সবগুলো দল একত্রে থাকায় আমারা আগে থেকেই শহীদ মিনারে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।” “এতোজন আন্তর্জাতিক ও স্থানীয় ক্রিকেটার এবং কর্মকর্তাদের নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে”, যোগ করেন তিনি। লিপু জানান, আগেই বৈঠক করে দলগুলোকে এ দিনের কর্মসূচি এবং প্রেক্ষাপটে জানিয়ে দেওয়া হয়েছিল। “সেইভাবেই দলগুলো তাদের খেলোয়াড়দের বিষয়টি জানিয়ে দিয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবেই শহীদ মিনারে এসেছেন।” বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা উপলক্ষে আপাতত চট্টগ্রামেই অবস্থান করছে দলগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৫৫০ ঘ.