অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরের মাঠে টানা দুই ম্যাচে হার মানতে হলো চট্টগ্রাম কিংসকে। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে মার্শাল আইয়ুবের দুর্দান্ত বোলিংয়ে খুলনা রয়েল বেঙ্গলস চট্টগ্রাম কিংসকে ৪৪ রানে হারিয়েছে।
৭ ম্যাচে পঞ্চম জয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে খুলনা রয়েল বেঙ্গলসই এখন বিপিএলে সবার ওপরে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংসের অবস্থান তৃতীয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৭ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে ১৮ ওভার ১ বলে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম কিংস। বিপিএলে এই প্রথম কোনো দল এক শ রানের নিচে অলআউট হলো।
ঢাকা লিগে মার্শাল আইয়ুবের এক ওভারে ছয় ছক্কা মেরে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন নাঈম ইসলাম। অথচ সোমবার সেই আইয়ুবই গুঁড়িয়ে দেন চট্টগ্রাম কিংসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ।
চট্টগ্রামের শুরুটাও ভালো হয়নি। পাঁচ ম্যাচ পর খেলতে নেমে মাত্র ৫ রান করে বোল্ড হয়ে যান তামিম ইকবাল। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদও (৯) ব্যর্থ। ১৬ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় চট্টগ্রামের দলটি।
বেশিক্ষণ টিকতে পারেননি জহুরুল ইসলামও (২)। চতুর্থ উইকেটে জেসন রয়ের (৩০) সঙ্গে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের ২০ রানের জুটি চট্টগ্রামকে লড়াইয়ে ফেরানোর স্বপ্ন দেখাচ্ছিলো। কিন্তু দলীয় ৪৯ রানে মাহমুদুল্লাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রয়ের রান আউটের পর লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় চট্টগ্রাম কিংস।
মাহমুদুল্ল¬াহকে (১২) ফিরিয়ে দিয়ে লেগস্পিনার আইয়ুবের ধ্বংসযজ্ঞের শুরু। এরপর একে একে জিয়াউর রহমান (২), কেভন কুপার (২) ও মুত্তিয়া মুরালিধরনকেও (৭) ফিরিয়ে দেন তিনি।
২০ রানে ৪ উইকেট নিয়ে আইয়ুবই খুলনা রয়েল বেঙ্গলসের সবচেয়ে সফল বোলার।
এর আগে শিবনারায়ন চন্দরপল (৯) ও হার্শেল গিবস (২০) ২৯ রানের মধ্যে ফিরে আসায় খুলনা রয়েল বেঙ্গলসের শুরুটাও ভালো হয়নি। তৃতীয় উইকেটে ডোয়াইন স্মিথের (১৭) সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের (১৪) ২৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো খুলনা রয়েল বেঙ্গলস।
কিন্তু দলীয় ৫৪ রানে এনামুল হক জুনিয়র পরপর দুই বলে সাকিব ও নিয়াল ও’ব্রায়েনকে ফেরালে আবার চাপে পড়ে যায় তারা।
এরপর নাসিরের ৪২, মার্শাল আইয়ুবের অপরাজিত ১১ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ১৬ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ গড়ে খুলনা রয়েল বেঙ্গলস।
২২ রানে ৩ উইকেট নিয়ে এনামুল চট্টগ্রাম কিংসের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪০ ঘ.
bdnews24