২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সিলেট রয়্যালসকে হারালো বরিশাল বার্নার্স

আহমেদ শেহজাদ ও ব্র্যাড হজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট রয়্যালসকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স। দুই দলের আগের লড়াইয়ে ক্রিস গেইলের ঝড়ো শতক বরিশাল বার্নার্সকে ১০ উইকেটের জয় এনে দিয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহমেদ শেহজাদ ও ব্র্যাড হজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট রয়্যালসকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স। দুই দলের আগের লড়াইয়ে ক্রিস গেইলের ঝড়ো শতক বরিশাল বার্নার্সকে ১০ উইকেটের জয় এনে দিয়েছিলো। রোববারের এই জয় সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো বরিশালের। ৬ ম্যাচে তৃতীয় জয়ের সুবাদে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে টানা ষষ্ঠ হারে সিলেট রয়্যালসের শেষ চারে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২১ রান করে সিলেট রয়্যালস। জবাবে মাত্র ১৩ ওভার ২ বলেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স। বরিশালের প্রথম দুই ম্যাচে অর্ধশতক করলেও পরের তিন ম্যাচে তেমন সুবিধা করে উঠতে পারেননি শেহজাদ। তবে গেইলকে ছাড়া প্রথম খেলতে নামা বার্নার্সকে দারুণ এক অর্ধশতক উপহার দিয়েছেন তিনি। উদ্বোধনী জুটিতে শেহজাদের সঙ্গী ব্র্যাড হজের কৃতিত্বও কম নয়। দুজনে ১১৬ রানের জুটি গড়ে সহজ জয়ের ভিত গড়ে দিয়েছেন বরিশালের দলটির। মাত্র ৪০ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬০ রান করে শেহজাদ ব্র্যাড হগের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফেরার সময় জয় হাতছোঁয়া দূরত্বে ছিলো বরিশালের। দলকে লক্ষ্যে পৌঁছে দিতে বিন্দুমাত্র সমস্যা হয়নি ৫৪ রানে অপরাজিত অধিনায়ক হজের। তার ৩৪ বলের ইনিংসে ৫টি ছক্কা ও ২টি চার। এর আগে কামরান আকমল (১৭), ইমরুল কায়েস (১৩), টম মেনার্ড (১১), অধিনায়ক অলক কাপালী (১), রাজা আলী দার (৮) ও শুভাগত হোম চৌধুরীর (৪) ব্যর্থতায় ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় সিলেট রয়্যালস। শেষ পর্যন্ত নাঈম ইসলামের (অপরাজিত ১৭) সঙ্গে সোহেল তানভীরের (৩৩) ৪৫ রানের সপ্তম উইকেট জুটির সুবাদে এক শ পেরোয় তারা। ২০ রানে ৩ উইকেট নিয়ে সোহরাওয়ার্দী শুভ বরিশাল বার্নার্সের সবচেয়ে সফল বোলার। এই ম্যাচে বরিশাল বার্নার্সের নিয়মিত অধিনায়ক ও আইকন খেলোয়াড় শাহরিয়ার নাফীস খেলেননি। তার না খেলার ব্যাখ্যা দিতে গিয়ে বরিশাল বার্নার্সের মিডিয়া ম্যানেজার রেদওয়ান উদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা দলীয় সিদ্ধান্ত। নাফীস ওপরের সারির ব্যাটসম্যান। তিনি তিন/চার নম্বরে ব্যাট করতে পছন্দ করেন। আর বরিশাল বার্নার্সের প্রথম চার ব্যাটসম্যানের সবাই বিদেশি। উইকেট বেশ স্পিন সহায়ক। এই উইকেটে বিদেশিদের পক্ষে পরের দিকে ব্যাট করা বেশ কঠিন।” “সে কারণে এই ম্যাচে নাফীস খেলেননি। তার বদলে বরিশাল বার্নার্সকে নেতৃত্ব দেন ব্র্যাড হজ। তবে পরের ম্যাচেই দলে ফিরতে পারেন নাফীস,” যোগ করেন তিনি। শনিবার রাতেই সিলেট রয়্যালসের নেতৃত্ব থেকে পিটার ট্রেগোকে সরিয়ে অধিনায়ক করা হয় অলক কাপালীকে। রোববার প্রথম একাদশেও সুযোগ পাননি ট্রেগো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৩ ঘ.