ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের পেশির চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি মাইকেল ক্লার্ক। রোববার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষেও খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। ব্রিসবেনে তাই স্বাগতিকদের নেতৃত্বভার থাকবে রিকি পন্টিংয়ের কাঁধেই।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি ক্লার্ক। পন্টিংয়ের অধিনায়কত্বে ওই ম্যাচে ৮ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ পন্টিং করেন মাত্র ২ রান।
ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেও কমনওয়েলথ ব্যাংক সিরিজে এখনো পর্যন্ত পন্টিং ব্যর্থ। চার ম্যাচ খেলে মাত্র ১১ রান করেছেন তিনি।
তবু পন্টিংয়ের ওপরে আস্থা রাখছেন অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার। তিনি বলেন,“এ মৌসুমে একটানা খেলার কারণে আমাদের কয়েকজন টেস্ট খেলোয়াড়ের মত রিকিও (পন্টিং) কিছুটা পরিশ্রান্ত।”
“তবে আন্তর্জাতিক ক্রিকেটে এটা স্বাভাবিক ঘটনা। এ ধরনের পরিস্থিতিতে ভালো খেলেই দলে নিজের জায়গা পাকা করতে হয়,” যোগ করেন তিনি।
ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেও রান-খরায় ভোগায় চাপের মধ্যে ছিলেন পন্টিং। তবে ওই সিরিজে ১৩৬ গড়ে ৫৪৪ রান করে সব সমালোচনার জবাব দারুণভাবে দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৩ঘ.
bdnews24