২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু আশাবাদী শাহরিয়ার নাফীস

প্রথম দুই ম্যাচ জিতে দারুণভাবে শুরু করলেও টানা তিন হারে বরিশাল বার্নার্স এখন চাপের মুখে। তবু বিপিএলের সেমিফাইনালে ওঠার ব্যাপারে দারুণ আশাবাদী দলটির অধিনায়ক শাহরিয়ার নাফীস। যদিও ৫ ম্যাচ খেলে ফিরে যাচ্ছেন ক্রিস গেইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই ম্যাচ জিতে দারুণভাবে শুরু করলেও টানা তিন হারে বরিশাল বার্নার্স এখন চাপের মুখে। তবু বিপিএলের সেমিফাইনালে ওঠার ব্যাপারে দারুণ আশাবাদী দলটির অধিনায়ক শাহরিয়ার নাফীস। যদিও ৫ ম্যাচ খেলে ফিরে যাচ্ছেন ক্রিস গেইল। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পয়েন্ট টেবিলে এখনো আমরা চার নম্বরে আছি। এখনো আমাদের পাঁচটি খেলা বাকি। এই পাঁচটি ম্যাচের দুটো বা তিনটিতে জিতলে সেমিফাইনালে ওঠা সম্ভব।” “এত দিন ক্রিস গেইলের দিকে সবার নজর ছিলো। আগামীতে তার অনুপস্থিতিতে অন্যদের সামনেও নিজেদের মেলে ধরার সুযোগ আসবে। আমাদের দলে ফিল মাস্টার্ড, রমিজ রাজা জুনিয়র ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছেন। আশা করি কোনো সমস্যা হবে না,” যোগ করেন তিনি। গেইলের চোট সম্পর্কে নাফীস বলেন, “তিনি ডান কুঁচকিতে চোট পেয়েছেন। তবে তার চোট তেমন গুরুতর নয় বলেই মনে হচ্ছে।” নিজের ব্যাটিং সম্পর্কে বরিশাল বার্নার্সের অধিনায়ক বলেন, “আমি ৭ নম্বরে খেলার মতো ব্যাটসম্যান নই। আমি প্রথম তিনে খেলতে পছন্দ করি। আর ঐ পজিশনেই ব্যাট করতে চাই।” আইকন খেলোয়াড় তামিম ইকবালকে ছাড়াই জিতে চলেছে চট্টগ্রাম কিংস। উদ্বোধনী জুটিতে ভালো করছেন নাসির জামশেদ ও জহুরুল ইসলাম। তামিম ফেরার পর দলের কৌশল সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম কিংসের টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্স বলেন, “এটা আমাদের জন্য এক মধুর সমস্যা। তামিম ফিরলে আমাদের একাদশে পরিবর্তন আসতে পারে।” “বাকি পাঁচ ম্যাচের আর দুটিতে জিতলেই হয়তো আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আমরা সামনের ম্যাচগুলোতে এতদিন সুযোগ না পাওয়া কোনো-কোনো খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। অবশ্য যারা নিয়মিত সুযোগ পাচ্ছে তারা এতোই ভালো খেলছেন যে নতুন কারো পক্ষে দলে আসা বেশ কঠিন,” যোগ করেন জোন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৩ঘ.