ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান কাঁধে চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর খেলতে পারবেন না সিলেট রয়্যালসের পেসার রুবেল হোসেন।
গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান রুবেল। ১০ ফেব্র“য়ারি বরিশাল বার্নার্সের বিপক্ষে বিপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ঠিক ঐ জায়গায় আবার ব্যথা পান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গত ডিসেম্বরে পাওয়া চোট কাটিয়ে উঠেছিলেন রুবেল। কিন্তু বিপিএলের উদ্বোধনী ম্যাচে একই জায়গায় চোট পাওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না আমরা।”
“আগামী মাসে এশিয়া কাপ। জাতীয় দলের পেসার হওয়ায় রুবেলকে সিলেট রয়্যালসের দল থেকে প্রত্যাহার করা হয়েছে,” যোগ করেন তিনি।
ডা. দেবাশীষ আরো জানান, “রুবেলের ব্যাপারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আমরা আলোচনা করবো। তিনি প্রয়োজন মনে করলে তার কাঁধে অস্ত্রোপচার করানো হবে।”
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নের দলে থাকলেও কোনো ম্যাচ খেলতে পারেননি রুবেল।
এদিকে বিপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, প্রতিযোগিতায় প্রতিটি দল ১৮ জনের বদলে সর্বোচ্চ ২২ জন ক্রিকেটার রাখতে পারবে। নতুন খেলোয়াড় দলে নেয়ার সর্বশেষ সময়সীমা ২৪ ফেব্র“য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৭ঘ.
bdnews24