ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবারের দ্বিতীয় খেলায় দুরন্ত রাজশাহী সহজেই ৬ উইকেটে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলসকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে শাহজেইব হাসানের অর্ধশতকের সুবাদে ৫ বল আগেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দুরন্ত রাজশাহী।
লক্ষ্য তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিকের (২৬) সঙ্গে শাহজেইবের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় দুরন্ত রাজশাহীকে। কিন্তু মারলন স্যামুয়েলস (৪) ও ফাওয়াদ আলমের (৪) ব্যর্থতায় ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় তারা।
চতুর্থ উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৭৬ রানের বড় জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান শাহজেইব (৫২)। তার ৪৬ বলের ইনিংসে ৬টি চার। দলীয় ১৩৩ রানে শাহজেইব আউট হয়ে গেলেও জয় নিশ্চিত করেই ফেরেন মুশফিক। ৪৭ রানে অপরাজিত মুশফিকের ৩৪ বলের আক্রমণাত্মক ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা।
৩৫ রানে ২ উইকেট নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান খুলনা রয়েল বেঙ্গলসের বোলারদের মধ্যে সফলতম।
এর আগে ব্যাট করতে নেমে ৫৪ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় খুলনা রয়েল বেঙ্গলস। নাসির হোসেন (২৪) ও সাকিবের (৪৪) মধ্যে গড়ে ওঠা ৬৫ রানের পঞ্চম উইকেট জুটি দেড় শর কাছাকাছি পৌঁছে দেয় তাদের। সাকিবের ২৬ বলের ঝড়ো ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা।
২৬ রানে ২ উইকেট নিয়ে আব্দুল রাজ্জাক দুরন্ত রাজশাহীর সবচেয়ে সফল বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫০ ঘ.
bdnews24