ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবারের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংস সহজেই ৭ উইকেটে হারিয়েছে সিলেট রয়্যালসকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কামরান আকমল ও পিটার ট্রেগোর অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৫২ রান করে সিলেট রয়্যালস। জবাবে মাহমুদুল্ল¬াহ রিয়াদের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৫ বল হাতে রেখে, ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম কিংস।
চার ম্যাচে চট্টগ্রাম কিংসের এটি তৃতীয় জয়। সমান ম্যাচে সিলেট রয়্যালসের টানা চতুর্থ হার।
লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম কিংসের শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই সোহেল তানভীর ফিরিয়ে দেন জহুরুল ইসলামকে। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদের (১১) সঙ্গে জেসন রয়ের (৩০) ৩৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছিলো চট্টগ্রামের দলটি। কিন্তু ৭ বলের ব্যবধানে দুজনই ফিরে এলে ৪৫/৩-এর কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায় তারা।
সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ ও জিয়াউর রহমান। দুজনের ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি সহজ জয় এনে দেয় চট্টগ্রাম কিংসকে।
৩৮ বলে ৫৬ রানে অপরাজিত মাহমুদুল্লাহর অধিনায়কোচিত ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। ৪টি ছক্কা ও দুটি চারে ৩২ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন জিয়াউর।
এর আগে ব্যাট করতে নেমে সিলেট রয়্যালসও শুরুতেই হোঁচট খায়। দলীয় ২ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসকে (০) হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক ট্রেগোর সঙ্গে কামরানের (৫৪) ৮৩ রানের জুটির সুবাদে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ায় সিলেটের দলটি। কামরানের ৪১ বলের ইনিংসটি ৯টি চার ও ১টি ছক্কায় সাজানো।
এরপর তৃতীয় উইকেটে অলক কাপালীর সঙ্গে ৫৭ রানের আরেকটি ভালো জুটি গড়েন ট্রেগো। ট্রেগোর ৪৮ বলে খেলা ৫১ রানের ইনিংসে ৩টি চার।
ট্রেগোর বিদায়ের পর অলকের ২৩ বলে অপরাজিত ৩৪ রানের সুবাদে দেড় শ পেরোয় সিলেট রয়্যালস।
২৮ রানে ২ উইকেট নিয়ে ফরহাদ রেজা চট্টগ্রাম কিংসের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭১০ ঘ.
bdnews24