ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে আগামী শুক্রবার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারবেন না মাইকেল ক্লার্ক। তার অনুপস্থিতিতে স্বাগতিকদের অধিনায়কত্ব করবেন রিকি পন্টিং। তবে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বদলে পন্টিংয়ের ওপরে আস্থা রাখায় অস্ট্রেলিয়ার নির্বাচকদের ওপরে ক্ষুব্ধ স্টিভ ওয়াহ।
ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে অনেক জয় এনে দেয়া স্টিভ ওয়াহ বলেন, “আমার ধারণা দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতার জন্যই তারা (নির্বাচকরা) ডেভিড ওয়ার্নারকে সহ-অধিনায়ক করেছেন। সহ-অধিনায়ক হতে পারলে সে কেন অধিনায়ক হতে পারবে না? রিকির (পন্টিংয়ের) জন্য কাজটা হয়তো খুবই সোজা। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ তো ওয়ার্নার। তাই তারা ওয়ার্নারকে অধিনায়ক না করায় আমি খুবই অবাক হয়েছি।”
পন্টিংকে অধিনায়ক করার ব্যাখ্যা দিতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি জানিয়েছেন, ওয়ার্নার এখনো দলকে নেতৃত্ব দেয়ার মতো পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৫ঘ.
bdnews24