ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার অ্যাডিলেডে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের এক রোমাঞ্চকর ম্যাচে টাই করেছে ভারত ও শ্রীলঙ্কা।
শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিলো ৯ রান। এক উইকেট হারিয়ে ভারত তুলে নেয় ৮ রান। ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৩৬ রান, ঠিক শ্রীলঙ্কার সমান স্কোর।
শেষ বলে ৪ রান করতে হতো ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। লাসিথ মালিঙ্গার করা অফস্টাম্পের বাইরের বলে সজোরে ব্যাট চালান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল উড়ে যেতে থাকে সীমানার দিকে। অনেকখানি দৌড়ে এসে ঠেকিয়ে দেন সচিত্রা সেনানায়েকে। তবে বল ধরে রাখতে পারেননি তিনি। অন্য এক ফিল্ডার বল তুলে ফেরত পাঠানোর আগেই তিন রান নিয়ে ফেলেন ধোনি ও উমেশ যাদব।
তাই ওয়ানডেতে ভারত-শ্রীলঙ্কার প্রথম টাইয়ের সাক্ষী হয়ে থাকলো অ্যাডিলেড ওভাল।
ধোনি অপরাজিত ছিলেন ৫৮ রানে।
গত রোববার এই মাঠেই প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিলো ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। সেদিন শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিলো ১৩ রান। বিশাল এক ছক্কা মেরে ওই ম্যাচে দলকে জিতিয়েছিলেন ধোনি।
রোববার ৯২ রান করা গৌতম গম্ভীর শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রান করে রান আউট হয়ে যান। নন স্ট্রাইক প্রান্তে ছিলেন গম্ভীর। ধোনির আহ্বানে সাড়া দিয়ে রানের জন্য ছুটতে শুরু করেন তিনি। মাঝপথে ধোনি তাকে ফিরে যেতে বললেও নুয়ান কুলাসেকারার সরাসরি থ্রো ভেঙ্গে দেয় উইকেট। আউট হওয়ার আগে ধোনির সঙ্গে ৬০ রানের জুটি গড়েন গম্ভীর।
এক ম্যাচ বিশ্রামে থাকার পর মঙ্গলবার খেলতে নেমে শচীন টেন্ডুলকার আবারো ব্যর্থ। মিডিয়াম পেসার কুলাসেকারার বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে ১৫ রান করেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন মালিঙ্গা ও থিসেরা পেরেরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে চতুর্থ উইকেটে দীনেশ চান্দিমাল ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ৯৪ রানের জুটি তাদের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।
চান্দিমাল ৯১ বলে ৮১ ও জয়াবর্ধনে ৪৯ বলে ৪৩ রান করেন। শেষ দিকে ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সেনানায়েকে।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে বিনয় কুমার ভারতের সেরা বোলার।
৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে আপাতত ভারত। ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩১ ঘ.
bdnews24