২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিএল টি-টোয়েন্টির পৃষ্ঠপোষকদের আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে ২০১০ সালের এপ্রিলে অনেক ঢাক-ঢোল পিটিয়ে শুরু হয়েছিলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। প্রথম আসরের পর হারিয়ে যাওয়া এই টুর্নামেন্টের ছয়টি বিভাগীয় দলের পৃষ্ঠপোষকরা আনুষ্ঠানিক ক্ষতিপূরণের দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে ২০১০ সালের এপ্রিলে অনেক ঢাক-ঢোল পিটিয়ে শুরু হয়েছিলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। প্রথম আসরের পর হারিয়ে যাওয়া এই টুর্নামেন্টের ছয়টি বিভাগীয় দলের পৃষ্ঠপোষকরা আনুষ্ঠানিক ক্ষতিপূরণের দাবি করেছেন। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপুর কাছে ছয়টি দলের পৃষ্ঠপোষকরা লিখিত দাবিনামা পাঠিয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজী আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একটা লিখিত দাবিনামা পেতে যাচ্ছি। এ ব্যাপারে আমরা তাদের সঙ্গে অনেক আলোচনাও করেছি।” “বিসিবি সভাপতি দুই-এক দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন। তিনি ফিরলে তাদের (পৃষ্ঠপোষকদের) সঙ্গে এ ব্যাপারে আরো আলোচনা করা হবে,” যোগ করেন তিনি। এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেয়া বরিশাল ব্লেজার্সের পৃষ্ঠপোষক এ টি এম সাইদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনেক দিন ধরেই বিসিবির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে আসছি। এর আগে ঢাকা ছাড়া বাকি পাঁচটি দল লিখিতভাবে বিসিবির কাছে দাবি জানিয়েছিলো। এবার বিসিবির কথা মতো আমরা ছয় পৃষ্ঠপোষকই লিখিত দাবি জানিয়েছি।” “বিসিবি সভাপতি দুই দিনের জন্য সৌদি আরব যাচ্ছেন। তিনি দেশে ফেরার পর বুধবার তার সঙ্গে আলোচনায় বসার আশা করছি আমরা,” যোগ করেন তিনি। সাইদুল আলম জানান, “এনসিএল টি-টোয়েন্টির জন্য আমরা প্রতিটি দল বিসিবিকে ৬৫ লক্ষ টাকা করে দিয়েছিলাম। এছাড়া দল পরিচালনা করতে আরো অন্তত দেড় থেকে দুই কোটি টাকা খরচ হয়েছে আমাদের।” অন্তত তিন বছর এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের প্রতিশ্র“তি দেয়া হলেও তা পূরণ করা হয়নি। সেজন্য হতাশা প্রকাশ করে সাইদুল আলম বলেন, “প্রথম আসরের পর ঐ টুর্নামেন্ট আর আলোর মুখ দেখেনি। অথচ এবার ঐ টুর্নামেন্টের আদলে বিপিএল আয়োজন করা হলেও আমাদের কিছুই জানানো হয়নি।” সাইদুল আলম জানান, গত বছর থেকে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে তারা বিসিবির সঙ্গে আলোচনা করে আসছেন। ২০১০ সালের ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে অংশ নিয়েছিলো ঢাকা ডাইনামাইটস, রাজশাহী রেঞ্জার্স, সুলতানস অব সিলেট, বরিশাল ব্লেজার্স, কিংস অব খুলনা ও সাইক্লোনস অব চিটাগাং। ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো রাজশাহী রেঞ্জার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪০ঘ.