ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭১ রান করেও চট্টগ্রাম কিংসের কাছে হেরে যাওয়ায় ভীষণ হতাশ সাকিব আল হাসান। এই হারের জন্য দলের বোলারদেরই দায়ী করলেন খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “আমাদের ব্যাটিং ভালো হয়েছে। এই উইকেটে ১৬০/১৭০ বেশ ভালো স্কোর। কিন্তু আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। নাসির জামশেদও অবশ্য ভালো ব্যাটিং করেছেন।”
“আমাদের ফিল্ডিংও আশানুরূপ হয়নি,” যোগ করেন তিনি।
সোমবারই খুলনা রয়েল বেঙ্গলসের প্রতিপক্ষ বরিশাল বার্নার্স। সাকিব জানান, এই ম্যাচে ক্রিস গেইলকে যত দ্রুত সম্ভব আউট করার দিকেই জোর দিচ্ছেন তারা।
টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিবের বিশ্বাস, টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকর পরিকল্পনা এবং মাঠে তার সফল রূপায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ সেরা নাসির জামশেদ জানালেন, এই জায়গায় এগিয়ে থাকার জন্যই চট্টগ্রাম কিংস সহজ জয় পেয়েছে।
তিনি বলেন, “প্রধান কোচ খালেদ মাহমুদ ও ব্যাটিং কোচ মাইকেল বেভান আমাকে আমার সহজাত ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, আমি অর্ধশতক পেলে বড় স্কোর গড়ার পথে অনেকটাই এগিয়ে যাবে চট্টগ্রাম কিংস।”
চার বছর ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন জামশেদ। বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কারণে বিপিএলে বাড়তি সুবিধা পাওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, “আমি মনে করি বিপিএলে খেলার সুবাদে আমাদের সবার অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছে। অনেক ভালো মানের ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলছেন। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৯ঘ.
bdnews24